বিশেষ প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নের দু’টি দোকান থেকে ভিজিএফের ১০ বস্তা চাল উদ্ধারের ৪ দিন পর চেয়ারম্যানকে প্রধান এবং আরও ৩ জনকে আসামী করে মামলা দায়ের করেছে পুলিশ। এ ঘটনায় চেয়ারম্যান নার্গিস আক্তার বুবলিকে প্রধান আসামী করা হলেও ধরাছোঁয়ার বাইরে রয়েছেন চেয়ারম্যানের স্বামী, সাবেক চেয়ারম্যান ও ক্ষমতাসীন দলের শ্রমিকলীগ আহ্বায়ক মোঃ শাহজাহান। আটক আর ছাড়ার নাটকীয়তার পর পুলিশ শেষতক ৩ জন আসামীকে আটক করে ৩০ জুন শুক্রবার আদালতে সোপর্দ করেছে।
জানা যায়, কুলাউড়া সদর ইউনিয়নের দু’টি দোকান থেকে দু’দফা অভিযান চালিয়ে ১০ বস্তা ভিজিএফ চাল ও ১৩ টি খালি বস্তা উদ্ধার পুলিশ। ঘটনার সময় ৩ জনকে আটক করে পুলিশ। এলাকাবাসীর অভিযোগ মোটা অংকের অর্থের বিনিময়ে পরবর্তিতে আটক ৩ ব্যক্তিকে ছেড়ে দেয়।
এদিকে চাল আটক ও জড়িতদের ছেড়ে দেয়ার ঘটনায় ব্যাপক তোলপাড় শুরু হয়। ফলে ঘটনার ৪ দিন পর ২৯ জুন রাতে পুলিশ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নার্গিস আক্তার বুবলিকে প্রধান আসামী করে ৪ জনের নামে (মামলা নং-৩৫) রেকর্ড করে। রাতেই পুলিশ অভিযান চালিয়ে মামলার তালিকাভুক্ত আসামী ৬নং ওয়ার্ডের মেম্বার জমির আলী, ইউনিয়নের চৌকিদার ও দোকান মালিক মিলন মলি¬ক এবং অপর দোকান মালিক সন্ন্যাসী নাইড়ুকে আটক করে।
এদিকে এসব অপকর্মের অন্যতম হোতা চেয়ারম্যানের স্বামী, সাবেক চেয়ারম্যান ও ক্ষমতাসীন দলের শ্রমিকলীগ আহ্বায়ক মোঃ শাহজাহানকে মামলায় আসামী না করায় এবং মামলার ১নং আসামী সদর ইউনিয়নের চেয়ারম্যান নার্গিস আক্তার বুবলি এলাকায় প্রকাশ্যে ঘুরাফেরা করলেও তাকে গ্রেফতার না করায় জনমনে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সর্বোপরি পুলিশের ভুমিকা নিয়ে জনমনে ক্ষোভ বিরাজ করছে। এলাকাবাসী তাই ২৮ জুন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসারের কাছে ঘটনার প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। যার অনুলিপি দিয়েছেন স্থানীয় এমপি, জেলা প্রশাসক ও পুলিশ সুপার মৌলভীবাজার বরাবরে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মাসুদ আলমের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি আসামী নিয়ে আদালতে আছেন। এ ব্যাপারে পরে কথা বলবেন বলে ফোন কেটে দেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.