চলতি বছর উপর্যুপরি বন্যায় জনজীবনের চরম দুর্ভোগের সময় সরকার আবারও বিদ্যুতের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়ায় জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ মৌলভীবাজার জেলা কমিটি উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে।
১১ সেপ্টেম্বর সন্ধ্যায় শহরের চৌমুহনাস্থ কার্যলয়ে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট মৌলভীবাজার জেলা কমিটির সভা থেকে বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বলা হয় চাল, ডাল, তেল, লবনসহ নিত্যপ্রয়োজনীয় সকল জিনিসপত্রের পাশাপাশি শাক-সবজির বাজারেও অগ্নিমূল্যের এই সময়ে আবারও বিদ্যুতের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত শুধু গণবিরোধীই নয় দেশের সামগ্রিক অর্থনীতির উপরও বিরূপ প্রভাব পড়বে। বর্তমান মহাজোট সরকারের দুই আমলে ইতোমধ্যে ৮ বার বিদ্যুতের মূল্য বৃদ্ধি করা হয়েছে উল্লেখ করে সরকারকে এই গণবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহার করার আহবান জানান।
জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট জেলা কমিটির সভাপতি শহীদ সাগ্নিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা এনডিএফ’র সাধারণ সম্পাদক রজত বিশ্বাস, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ জেলা কমিটির সহ-সভাপতি মোঃ মোস্তফা কামাল, ধ্রবতারা সাংস্কৃতিক সংসদ জেলা কমিটির সাধারণ সম্পাদক অমলেশ শর্ম্মা, জেলা এনডিএফ এর নেতা মৃগেন চক্রবর্তী, মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্টঃ ২৩০৫ এর কোষাধ্যক্ষ তারেশ বিশ্বাস সুমন, মৌলভীবাজার জেলা রিকশা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং ২৪৫৩-এর অন্যতম নেতা মোঃ গিয়াসউদ্দিনপ্রমূখ। সভায় সাম্রাজ্যবাদী পরিকল্পনায় মিয়ানমারে রোহিঙ্গাদের চালানো গণহত্যা ও নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আগামী ১৫ সেপ্টেম্বর জেলা শহরে বিক্ষোভ মিছিল করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভা থেকে বক্তারা বন্যা দুর্গত এলাকায় নতুন ধান ঊঠার আগ পর্যন্ত চাল, ডাল, তেল, লবনসহ খাদ্যসামগ্রী বিনামূল্যে পর্যাপ্ত পরিমানে সরবরাহ, বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ প্রদান, সকল ধরনের ব্যাংক ঋণ, এনজিও ঋণ, মহাজনী ঋণ মওকুফ করা, সরকারের ত্রাণ কার্যক্রমে লুটপাট, দুর্নীতি ও স্বজনপ্রীতি বন্ধ করা, শিক্ষার্থীদের বেতন ও ফি মওকুফ করা, জেলে কৃষকদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা, দুর্গত এলাকার গবাদিপশুর জন্য পশুখাদ্য সরবরাহ ও পাহাড়ী ঢলে হাওর অঞ্চলে সৃষ্ট অকাল বন্যার জন্য দায়ী পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতিবাজ কর্মকর্তা, ঠিকাদারসহ সংশ্লিষ্ট সকলের দৃষ্ঠান্তমূলক শাস্তি দাবি করেন। প্রেসবিঞ্জপ্তি
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.