
বিশেষ প্রতিনিধি॥ সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার প্রভাকর বিদ্যা নিকেতনে (তামাই উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন) জেলার ৮টি উপজেলার ৮৬টি শিক্ষা প্রতিষ্ঠানের জেএসসি ও জেডিসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ১৮০১ জন ছাত্র-ছাত্রীকে সম্মাননা সনদ এবং অষ্টম ও দশম শ্রেণীর ৩৩৫ জন মেধাবী ছাত্র-ছাত্রীকে বৃত্তি ও সম্মাননা সনদ প্রদান করা হয়েছে।
৩০ অক্টোবর, ২০১৭ সোমবার খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন উদ্যেগে উৎসবমুখর এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় চার সহস্রাধিক ছাত্র-ছাত্রী সহ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ ও সমাজের বিভিন œস্তরের পেশাজীবি মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি খাজা মোজাম্মেল হক্ (রঃ) ফাউন্ডেশনের চেয়ারম্যান খাজা টিপু সুলতান মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তির নগদ অর্থ ও সম্মাননা সনদ প্রদান করেন। প্রধান অতিথি তাঁর মুল্যবান বক্তব্যে বলেনÑআজ থেকে ১৭ বছর পূর্বে এক বিশেষ উদ্দেশ্য নিয়ে এই আয়োজনের সূচনা হয়েছিল, প্রত্যেকটি ছাত্র-ছাত্রীর সুপ্ত মেধাকে বিকশিত করে তাদেরকে সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করা। আমাদের সেই উদ্দ্যে অনেকখানি সফল। তিনি বলেন পড়াশোনার পাশাপাশি মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ হিসেবে নিজেদেরকে তৈরী করা আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য। একমাত্র আত্ম সুদ্ধি এবং ওলি-আল্লাহদের জীবনাদর্শ নিজেদের মধ্যে ধারণ করার মাধ্যমেই সত্যিকারের ভাল মানুষ হিসেবে নিজেদেরকে বিশ্ব দরবারে তুলে ধরা সম্ভব। তিনি কোমলমতি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন- মূল্যবান সময় নষ্ট না করে নিজেদেরকে সংযত করে অপরের বৈধ অধিকারকে মূল্য দিয়ে সত্য বলার মাধ্যমে নিজেদেরকে সমাজ, দেশ ও জাতির জন্য সুনাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব।

সিরাজগঞ্জ জেলার সম্মানিত জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলার নির্বাহী অফিসার মোঃ ওলিউজ্জামান, জেলা শিক্ষা অফিসার মোঃ শফী উল্লাহ্, বেলকুচি থানার অফিসার ইনচার্জ মোঃ সাজ্জাদ হোসেন।
স্বাগত বক্তব্য রাখেন প্রভাকর বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক আবদুল্লাহ আল-মাহমুদ এবং স্থানীয় ইউ.পি চেয়ারম্যান খন্দকার ফজলুল হক ভাষানী।
নানাবিধ মেধা ভিত্তিক খেলার অনুষ্ঠান “মেধায় মাতি”পর্বটি ছিল অনুষ্ঠানের অন্যতম আর্কষণ। পর্বটি পরিচালনা করেন ফাউন্ডেশনের বৃহত্তর সিলেট অঞ্চলের প্রধান সমন্বয়কারী আরমান খান। দেশের খ্যাতনামা সংগীত শিল্পী ফেরদৌস ওয়াহিদের সুরের মূর্ছনা ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের উপস্থিতি ছাত্র ছাত্রীদের আনন্দে মাতিয়ে রাখে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সচিব আলহাজ্ব জোবায়ের হোসেন, কোষাধ্যক্ষ সোহেল হোসেন ইবনে বতুতা, বৃহত্তর কুমিল্লা অঞ্চলের প্রধান সমন্বয়কারী প্রকৌশলী খুরশীদ আহম্মদ, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের প্রধান সমন্বয়কারী মোহাম্মদ আলী, বৃহত্তর উত্তর অঞ্চলের প্রধান সমন্বয়কারী আনসার আলী খান জয়, বৃহত্তর সিলেট অঞ্চলের প্রধান সমন্বয়কারী আরমান খান, বৃহত্তর ঢাকা অঞ্চলের উপ-প্রধান সমন্বয়কারী মেজবাউল আলম রিপন ও উপদেষ্টা মন্ডলীর সদস্যবৃন্দ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ফাউন্ডেশনের বৃহত্তর উত্তর অঞ্চলের প্রধান সমন্বয়কারী আনসার আলী খান জয়।
উল্লেখ্য ২০০১ সালে প্রতিষ্ঠিত সম্পূর্ণ অরাজনৈতিক, অলাভজনক, মানবকল্যাণমূলক প্রতিষ্ঠান খাজা মোজাম্মেল হক্ (রঃ) ফাউন্ডেশন ২টি চিকিৎসা সেবা কেন্দ্রের মাধ্যমে সারা বছর বিনামূল্যে চিকিৎসা সেবা, সিরাজগঞ্জ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি ও সম্মাননা সনদ এবং শুধুমাত্র খাজা শাহ্ ইউনুছ আলী এনায়েতপুরী (রঃ) এর নেছবত ভুক্ত অসচ্ছল কর্মক্ষম ভক্তবৃন্দের মাঝে “ছাদকা-ই-জারিয়া” হিসেবে এককালীন মূলধন প্রদান করে আসছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.