
আবদুর রব॥ হাকালুকি হাওরপাড়ের জুড়ী উপজেলার বেলাগাও গ্রামের মৃত কিতাব আলী স্ত্রী আম্বিয়া বেওয়া। স্বামীর রেখে যাওয়া ভিটায় একটি মাত্র মাটির ঘরই শেষ সম্বল। অভাবের তাড়নায় একমাত্র ছেলে অন্যের বাড়িতে খেটে খায়। অসহায় আম্বিয়া বেওয়া দুই মেয়েকে বিয়ে দিয়ে কোনমতে জীবন যাপন করছিলেন। প্রায় ৮ মাস আগে মাটির ঘরে বন্যার পানি ঢুকে। দীর্ঘদিন পানিতে নিমজ্জিত থাকায় দেয়াল ধ্বসে ঘর বিধ্বস্ত হয়। প্রবল ঢেউয়ে ভিটের মাটি সরে যায়। মাথা গুজার টাই হয় গ্রামের সংবাদকর্মী হারিছ মোহাম্মদের বাড়িকে। অসহায় আম্বিয়া বেওয়ার ঘর নির্মাণ করতে এগিয়ে আসে স্থানীয় কন্ঠিনালা যুব ও সমাজকল্যাণ পরিষদ।
১০ নভেম্বর শুক্রবার সকালে পরিষদের ৫০ সদস্য মিলে স্বেচ্ছাশ্রমে আম্বিয়া বেওয়ার ভিটা ভরাট করে দৃষ্টান্ত স্থাপন করল। গ্রামবাসী তাদের মহতি উদ্যোগের ভুয়সি প্রশংসা করেছেন।
মাটি ভরাটের কাজে অংশ নেন ক্লাবের উপদেষ্টা সাংবাদিক হারিছ মোহাম্মদ, সহসভাপতি জমির আলী, সম্পাদক জাহিদ হাসান জমির, সদস্য সাইফুর রহমান, আলাল মিয়া, খোরশেদ মিয়া, মুজিবুর রহমান, ইউনুছ আলী, কালা মিয়া, আবুল মিয়া, সোহেল রানা, নাবিল আহমদ প্রমূখ।
ক্লাবের উপদেষ্টা সাংবাদিক হারিছ মোহাম্মদ জানান,বন্যায় এ অসহায় মহিলার ঘর বিধ্বস্ত হলে তার যাওয়ার জায়গা না থাকায় ৮ মাস ধরে নিজের বাড়িতে স্থান দিয়েছেন। ক্লাবের সকল সদস্য মিলে ভিটা ভরাট করে দিয়েছি। এবার সবাই সহযোগিতা করে ঘর তৈরী করে দিব।
অসহায় মহিলা আম্বিয়া বেওয়া জানান, ভিটায় মাটি ভরাটের আশা ছিল না। ক্লাবের যুবক ছেলেরা হাতে কুদাল নিয়ে মাটির কাজ করে দিয়েছে। অসহায় মানুষের পাশে দাড়ানোর মানুষ যে সমাজে এখনও আছে তারা প্রমাণ করে দিয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.