স্টাফ রিপোর্টার॥ জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ মৌলভীবাজার জেলা কমিটির সভায় চাল, পিয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতির এসময়ে সরকারের আবারও বিদ্যুতের মূল্য বৃদ্ধির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে বিদুত্যের বর্ধিত মূল্য প্রত্যাহার এবং চালসহ নিত্যপ্রয়েজানীয় দ্রব্যমূল্য কমানোর দাবি জানানো হয়।
সন্ধ্যায় শহরের কোর্টরোডস্থ কার্যালয়ে জেলা এনডিএফ’র সভাপতি কবি শহীদ সাগ্নিকের সভাপতিত্বে অনুষ্ঠিত নিয়মিত সভায় বক্তব্য রাখেন জেলা এনডিএফ’র সাধারণ সম্পাদক রজত বিশ্বাস, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি মৌলভীবাজার জেলা কমিটির আহবায়ক ডা. অবনী শর্ম্মা, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ জেলা কমিটির সভাপতি মোঃ নুরুল মোহাইমীন, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক অমলেশ শর্ম্মা, মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্টঃ ২৩০৫-এর সভাপতি মোঃ মোস্তফা কামাল, জেলা এনডিএফ’র সাংস্কৃতিক সম্পাদক মৃগেন চক্রবর্তী, কোষাধ্যক্ষ মোঃ শাহিন মিয়া, সদস্য তারেশ বিশ্বাস সুমন প্রমূখ।
সভায় বক্তাগণ বলেন সাম্রাজ্যবাদী সংস্থার নীতি নিদের্শে সরকার প্রভূ সাম্রাজ্যবাদকে খুশি করতে জাতীয় ও জনস্বার্থ উপেক্ষা করে আবারও বিদ্যুতের মূল্য বৃদ্ধি করেছে। দেশের সামগ্রিক অর্থনীতির চাপ ও বিশ্ববাজারে জ্বালানি তেলের নি¤œ মূল্য বিবেচনায় যখন বিদ্যুতের মূল্য কমানো উচিত তখন সরকার জনগণের কথা না ভেবে গ্যাসের মূল্য বৃদ্ধির পর বিদ্যুতের মূল্য বৃদ্ধি করেছে এবং জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পরিকল্পনা করছে। বিদ্যুতের মূল্য বৃদ্ধির ফলে জীবনযাত্রার ব্যয় আরও বৃদ্ধি পেয়ে সামগ্রিকভাবে দেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়বে। এর পাশাপাশি চাল, পিয়াজসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের অব্যাহত মূল্য বৃদ্ধির কারণে সংখ্যাগরিষ্ঠ মানুষের জীবনে নাভিশ্বাস উঠছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম দিন দিন বেড়েই চলেছে। ভূমিহীন কৃষকের জমি ও কাজের অনিশ্চয়তা, উৎপাদিত কৃষি পণ্যের ন্যায্য দাম না পাওয়া, চিকিৎসায় অব্যবস্থাপনা, শিক্ষার বাণিজ্যিকীকরণ ও শিক্ষাঙ্গনে সন্ত্রাস, নারী নির্যাতন ও ধর্ষণ, নয়া উপনিবেশিক ও আধা সামন্ততান্ত্রিক উগ্রবাদী-আত্মকেন্দ্রিক-অবক্ষয়ী সাংস্কৃতিক আগ্রাসন; সকল প্রকার মিছিল-মিটিং সভা-সমাবেশ এবং ন্যূনতম গণতান্ত্রিক অধিকারের উপর হস্তক্ষেপ, হামলা-মামলা, হত্যা, খুন, গুম, এনকাউন্টার ও বন্দুকযুদ্ধের নামে বিচার বহির্ভূত হত্যা, উগ্রবাঙালী জাতীয়তাবাদ, সাম্প্রদায়িকতা, ক্ষুদ্র জাতিসত্বা ও সংখ্যালঘুদের উপর নির্যাতনসহ অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক তথা সামগ্রিক সংকটের মধ্য দিয়ে এ দেশের মানুষ এক অস্থির সময় অতিক্রম করছেন। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার স্থল সংযোগ সেতু এবং প্রশান্ত ও ভারত মহাসাগরের সংযোগকারী মালাক্কা প্রণালী সংলগ্ন বঙ্গোপসাগরীয় দেশ হিসেবে বাংলাদেশের ভূ-রাজনৈতিক ও রণনীতিগত গুরুত্বের প্রেক্ষিতে মার্কিন সাম্রাজ্যবাদ যেমন তার প্রাধান্য অব্যাহত রাখতে চায় তেমনই সাম্রাজ্যবাদী রাশিয়া ও পুঁজিবাদী চীন তাদের প্রাধান্য প্রতিষ্ঠা করতে চায়। সাম্রাজ্যবাদীরা স্বীয় স্বার্থে বাংলাদেশকে যুদ্ধক্ষেত্রে পরিণত করতে চায়। জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এর ঐতিহাসিক দায়িত্ব হচ্ছে সাম্রাজ্যবাদ সামন্তবাদ ও আমলা-দালাল পুঁজির শোষণের বিরুদ্ধে সংগ্রামকে শাণিত করে সাম্রাজ্যবাদী অন্যায় যুদ্ধের বিরুদ্ধে সাম্রাজ্যবাদ বিরোধী সকল শক্তি ও ব্যক্তিকে ঐক্যবদ্ধ করে জাতীয় গণতান্ত্রিক বিপ্লব সম্পন্ন করার লক্ষ্যে আন্দোলন-সংগ্রাম গড়ে তোলা। সভায় এক প্রস্তাবে সম্প্রতি সিলেট জেলা এনডিএফ’র বন্দরবাজারস্থ কার্যালয়ের সামনে পুলিশের উপস্থিতিতে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ ছাদেক মিয়ার উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারী চিহ্নিত সন্ত্রাসী আরিফ-সফর আলী গংদের গ্রেফতারের দাবি জানানো হয়।
সভা থেকে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানো, বিদ্যুতের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার, জাতীয় ন্যূনতম মূল মজুরি ১০ হাজার টাকা ঘোষণা, গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার ও শ্রমজীবী জনগণের জন্য রেশনিং চালু, ভূমিহীন দরিদ্র কৃষকের হাতে জমি ও কাজ, কৃষি উৎপাদনের খরচ কমানো এবং ফসলের ন্যায্যমূল্য, সার, ডিজেল. কীটনাশকের দাম কমানোর দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন বেগবান করার আহ্বান জানান।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.