হোসাইন আহমদ॥ বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় মৌলভীবাজারের জুড়ী উপজেলার পাতিলাসাঙ্গ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর এক শিক্ষার্থীকে ১৯ ডিসেম্বর শেষ রাতে নিজ বসত ঘর থেকে একই গ্রামের আব্দুল মালিকের ছেলে মোঃ আব্দুল হাসিম অপহরণ করে নিয়ে যায়।
পরবর্তীতে স্কুল ছাত্রীর মা পুলিশকে খবর দিলে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার সাগরনাল গ্রামে অপহরণকারীর ফুফুর বাড়ি থেকে পরের দিন রাত ৮টায় স্কুল ছাত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতল প্রেরণ করে। বর্তমানে মেয়েটি পুলিশি পহরায় সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।
ওই ঘটনায় অপহরণের স্বীকার মেয়ের মা বাদী হয়ে ২২ ডিসেম্বর জুড়ী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন (মামলা নং ০৭/১২৬)। আসামীরা হলেন, অপহরণকারীর ভাই মোঃ আব্দুল হক, মোঃ আব্দুল হানিফ ও বোন মোছাঃ জনি বেগম।
মামলা সূত্রে জানা যায়, ওই ছাত্রী বিদ্যালয়ে যাওয়া-আসার সময় মোঃ আব্দুল হাসিম প্রেমের প্রস্তাব দিত। ঘটনার ১০/১৫ দিন পূর্বে আসামীরা ওই ছাত্রীকে অপহরণকারীর সাথে বিয়ের প্রস্তাবও পাঠায়। মেয়ের পরিবার বিয়ে না মানায় অপহরণকারী মেয়েটিকে ১৯ ডিসেম্বর শেষ রাতে ঘর থেকে অপহরণ করে নিয়ে যায়।
এবিষয়ে জুড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন বলেন, স্কুল ছাত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং আসামীদের গ্রেফতার করতে আমাদের অভিযান চলছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.