শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে ৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে স্বাস্থ্য সহকারীরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন। বেতন স্কেলসহ টেকনিক্যাল পদমর্যাদা, মাঠ/ভ্রমন ভাতা ও ঝুঁকিভাতা মূল বেতনের ৩০% হারে প্রদান, প্রতি বছর ৬ হাজার জনগোষ্ঠার জন্য ১জন করে স্বাস্থ্য সহকারী নিয়োগ ও দ্রুত সময়ের মধ্যে শূন্যপদে নিয়োগ দেয়া এবং ১০% পোষ্য কোটা চালুর দাবিতে ১ জানুয়ারি সোমবার সকাল থেকে শ্রীমঙ্গলে এ কর্মবিরতি চলছে।
বাংলাদেশ হেল্থ এসিসটেন্ট এসাসিয়েশনের কেন্দ্রীয় কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, ১৯৯৮ সালের ৬ ডিসেম্বর ঢাকার শেরেবাংরানগরে স্বাস্থ্য বিভাগীয় মাঠকর্মচারী এসাসিয়েশনের এক মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্য সহকারীদের বেতন স্কেলসহ টেকনিক্যাল পদমর্যাদার ঘোষণা দিলেও দীর্ঘ ১৯ বছর ধরে তা বাস্তবায়িত হয়নি।
বাংলাদেশ হেল্থ এসিসটেন্ট এসাসিয়েশন ইতোমধ্যে গত বছরের ২৮ নভেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের মহা পরিচালক বরাবরে স্মারকলিপি প্রদান ও ১৯ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করার পরও কোন অগ্রগতি না পেয়ে স্বাস্থ্য সহকারীদের ই.পি.আই. কর্মসূচী বন্ধের আল্টিমেটাম অনুয়ায়ী সোমবার থেকে শ্রীমঙ্গলসহ সারাদেশে একযোগে কর্মবিরতি পালন করা হচ্ছে। এদিকে তাদের এ কর্মসূচীর সাথে একাত্মতা প্রকাশ করেছে স্বাস্থ্য পরিদর্শক এসোসিয়েশন।
বাংলাদেশ হেল্থ এসিসটেন্ট এসাসিয়েশন মৌলভীবাজার জেলা শাখার সভাপতি অমলেশ পুরকায়স্থ বলেন- বাংলাদেশের স্বাস্থ্য খাতকে বিশ্বমানে পৌঁছানোর কাজে এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃতি ও পুরস্কারপ্রাপ্তীতে স্বাস্থ্য সহকারীদের বিকল্প নেই। তিনি আরো বলেন- স্বাস্থ্য সহকারীদের অক্লান্ত পরিশ্রম ও আন্তরিক প্রচেষ্টায় সম্প্রসারিত টিকাদান ক্ষেত্রে বাংলাদেশ আজ সাফল্যের শীর্ষে। টিকাদানের ক্ষেত্রে বাংলাদেশ সারা বিশ্বের কাছে একটি রোল মডেলে পরিণত হয়েছে। স্বাস্থ্য খাতের সকল দিক বিবেচনায় তিনি অবিলম্বে তাদের ৪ দফা দাবি বাস্তয়নের জন্য সরকারে আশু দৃষ্টি কামনা করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.