আবদুর রব॥ জুড়ী উপজেলার এসএসসি পরীক্ষার হাজী ইনজাদ আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে (০৩) সোমবার অনুষ্ঠিত ইংরেজি প্রথমপত্রের পরীক্ষায় অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের দায়ে তানভীরুল ইসলাম (রোল নং ৩৭৫৩৮৯) নামে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। সে ইনজাদ আলী উচ্চ বিদ্যালয়ের ছাত্র। এছাড়া হল সুপারের সাথে অসধাচরণের দায়ে ২ জন কক্ষ পরিদর্শককে পরীক্ষার পরবর্তী সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
জানা গেছে, ৩ ফেব্রুয়ারি বাংলা ২য় পত্রের পরীক্ষা চলাকালে কক্ষ পরিদর্শক জীবন চন্দ্র দেবনাথ ও মকবুল আলী হল সুপার ও শিলুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম আহমদের সাথে অসধাচরণ করেন। এর দায়ে উপজেলা পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি ও ইউএনও অসীম কুমার বণিক এ দুই কক্ষ পরিদর্শককে গতকাল ৫ ফেব্রুয়ারি চলমান পরীক্ষার সকল দায় দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করেন। তারা দু’জনই হাজী ইনজাদ আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
কেন্দ্র সচিব ও ইনজাদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহিবুর রহমানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তার ফোন বন্ধ পাওয়া যায়। তবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বহিস্কৃত পরীক্ষার্থীর মোবাইল ফোনটি জুড়ী থানার অফিসার ইনচার্জ জব্দ করেছেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.