
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ বিড়ি শিল্প বন্ধ ঘোষনার প্রতিবাদে মানববন্ধন করেছে বিড়ি শ্রমিক ফেডারেশনের কর্মীরা।
৯ মে বুধবার শ্রীমঙ্গল প্রেসক্লাবের সামনে বিকেল ৪টা থেকে ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচী পালন করে। এতে অংশ নেন বিড়ি মৌলভীবাজার জেলা বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. শাহিকুল ইসলাম, সাধারণ সম্পাদক দিপু কুমার সরকার, শফিউল ইসলাম, কাজল কাহার সিংহ, রূপেন্দু দেব, মলয় দত্তসহ অনেকে।
মানববন্ধনে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বক্তারা বলেন, সম্প্রতি বিড়ি ও সিগারেট শিল্প বন্ধে অর্থমন্ত্রী তার কিছু সিদ্ধান্তের কথা জানিয়ে বিভিন্ন মন্ত্রনালয়ে একটি চিঠি লিখেছেন। সেখানে তিনি উল্লেখ করেছেন, তিন বছরের মধ্যে বিড়ি শিল্প বন্ধ করবেন এবং সিগারেট শিল্প গুটিয়ে নিতে সময় বেঁধে দিয়েছেন ২২বছর। তার এই বৈষম্যমুলক সিদ্ধান্তের কারনে বিড়ি শিল্প সংশ্লিষ্টদের মধ্যে যথেষ্ট ক্ষোভের সৃষ্টি হয়েছে। বৃহত্তর রংপুর এলাকা বরাবরই তামাক চাষ অধ্যুষিত। এলাকার বেশিরভাগ মানুষ তামাক চাষ, প্রক্রিয়া করন ও বিড়ি শিল্পের সঙ্গে জড়িত। অর্থমন্ত্রীর এই ঘোষনায় এসব মানুষের মনে ক্ষোভ সৃষ্টি হয়েছে। যার প্রভাব আগামী নির্বাচনে পড়বে।
তারা প্রধানমন্ত্রীর কাছে দাবী করেন, অর্থমন্ত্রীর এই ঘোষনা বিড়ি শিল্পের ওপর আক্রোশ, বৃটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানীর প্রতি পক্ষপাতমুলক আচরণ প্রকাশ পেয়েছে। একথা সত্য যে বিড়ি ও সিগারেট একই জাতীয় পণ্য। অথচ তিনি সিগারেট বন্ধে সময় প্রস্তাব করেছেন ২২ বছর আর বিড়ি শিল্প বন্ধে ৩ বছর। এটা অত্যন্ত দুঃখজনক। বিড়ি শিল্প বন্ধে সিগারেটের মতো বিড়িকেও ২২ বছর সময় দেয়ার জন্য এবং একই সঙ্গে এই অনাকাঙ্খিত ঘোষনার প্রত্যাহার চান সাধারণ মানুষ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.