শ্রীমঙ্গল প্রতিনিধি॥ সবে মাত্র শুরু হয়েছে রমজান মাস। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রমজানের প্রথম দিনেই জমে উঠেছে ইফতারের বাজার। শহরের প্রধান সড়ক থেকে শুরু করে মহল্লার গলি পথেও ইফতারির ঐতিহ্যবাহী খাবার নিয়ে বসে গেছেন দোকানিরা। শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ রোড, স্টেশন রোড, মৌলভীবাজার রোড, ভানুগাছ রোডসহ বিভিন্ন স্থানে পসরা সাজিয়ে বিক্রি করা হচ্ছে ইফতার। আর ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখেই দোকানগুলেতে ইফতার তৈরি করা হয়েছে।
ভানুগাছ রোডের ইফতার ক্রেতা সাখাওয়াত লিমন বলেন, ‘আজকে রহমতের প্রথম দিন। আর এইদিনে পরিবারের সবাইকে নিয়ে একসঙ্গে ইফতার করবো। যার জন্য রেশমী জিলাপী, স্পেশাল ফির্নিসহ নানান জাতের ইফতারি আইটেম কিনলাম।
এদিকে হবিগঞ্জ রোডস্থ এলাকায় বিভিন্ন ধরনের ইফতার সাজিয়ে দোকানিরা মেতে উঠেছেন। হবিগঞ্জ রোডের ইফতার বিক্রেতা নুরুল ইসলাম জানান, রমজানের প্রথম দিন হলেও বিক্রি ভালই হচ্ছে। রমজান ঘনিয়ে আসার সাথে বিক্রিও বেড়ে যাবে।
ইফতারি বিক্রেতা জানান, আমরা যত রকমের ইফতারের আইটেম তুলে এনেছি, তাতে সাধারণ ক্রেতাসহ সবারই দৃষ্টি আকর্ষণ করতে পারবো।
তবে দরদামের দিক দিয়ে তুলনামূলক কম দামে বাজারে ইফতারি বিক্রি হচ্ছে। রান্না করা ছোলা প্রতি কেজি ১শ' টাকা, পিয়াজু প্রতি পিস ৫ টাকা, ডিম চপ প্রতি পিস ১৫ টাকা, গ্যানার ৩০টাকা, শাক বল ৫ টাকা, জালি কাবাব ১৫ টাকা, নিমকি পারা ১শ' টাকা কেজি, পাকুরা ৬ টাকা, চিংড়ি কাবাব ১৫ টাকা, হালিম ৫০ থেকে ১০০ টাকা কেজি, জিলাপী ৮০ থেকে ১৫০ টাকা কেজি।
প্রথম দিকে ইফতারি কম করে তৈরী করলেও সকল বিক্রেতারা মনে করছেন রমজান ঘনিয়ে আসার সাথে সাথে ইফতারি বিক্রি আরও বেড়ে যাবে এবং তাতে বেশী করে ইফতারি তৈরী করতে হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.