
স্টাফ রিপোর্টার॥ উজানে বৃষ্টিপাত না হওয়ায় মৌলভীবাজার জেলার সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। মৌলভীবাজার পৌরসভা, কুলাউড়া, কমলগঞ্জ, রাজনগর ও সদর উপজেলায় বাড়ি ঘর ও রাস্তা ঘাটের অধিকাংশ এলাকা থেকে বন্যার পানি নেমেছে। পানি নামার সাথে সাথে বন্যাকবলিত এলাকার মানুষের দুর্ভোগ বেড়েছে। স্থানে স্থানে রাস্থায় বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। জীবজন্তু গাছপালার পাতালতা পচে যাওয়ায় চারদিকে দুর্গন্ধ ছড়াচ্ছে।
বন্যার পানিতে নলকূপ ডুবে যাওয়ায় বিশুদ্ধ পানীয় জলের অভাব দেখা দিয়েছে। পানি থাকা অবস্থায় যে কাঁচা ঘরটি দাঁড়িয়ে ছিল, পানি নামার পর সেই ঘরগুলো ধসে পড়ছে।
মৌলভীবাজার-কুলাউড়া সড়ক ও মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়ক দিয়ে যান চলাচল শুরু হয়েছে। তবে পানির স্রোতে চাতলাপুর ইমিগ্রেশন চেকপোস্টে যাওয়ার রাস্তার একটি বড় কালভার্ট দেবে গিয়ে যোগাযোগ বন্ধ রয়েছে। এতে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি রপ্তানি বন্ধ রয়েছে।
পানিউন্নয়ন বোর্ড জানায়, মৌলভীবাজার শহরের বড়হাটের বাড়ইকোনায় মনু নদীর প্রতিরক্ষা বাঁধ ও রাজনগরের কালাইরগুলের ভাঙ্গন মেরামতের কাজ ২১ জুন সন্ধ্যায় শেষ হয়েছে। কুশিয়ারা নদীর পানি শেরপুরের কাছে এখনও বিপদ সীমার ২৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.