
ইমাদ উদ দীন॥ তারেক রহমানসহ বিএনপি নেতৃবৃন্দের বিরুদ্ধে আদালতের রায়ের প্রতিবাদে ১৪ অক্টোবর রবিবার দুপুরে মৌলভীবাজার কুসুমভাগ বড়হাট এলাকায় জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল ও সাধারণ সম্পাদক এম এ মোহিতের নেতৃত্বে বিক্ষোভ মিছিল হয়েছে। মিছিলটি শহরের কুসুমভাগ এলাকা প্রদক্ষিণ শেষে বড়কাপন এলাকায় গিয়ে সংক্ষিপ্ত পথ সভার মাধ্যমে শেষ হয়। এতে বক্তব্য রাখেন জেলা ও উপজেলা যুবদলের নেতৃবৃন্দ। জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল মুঠোফোনে জানান জেলা যুবদলের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে বিশাল বিক্ষোভ মিছিল ও পথসভার মাধ্যমে কেন্দ্রীয় কর্মসূচী পালন করে যে যার মত ঘরে ফেরে। তবে পুলিশের দাবি যুবদলের ওই মিছিল থেকে পুলিশকে লক্ষ্যকরে ইটপাটকেল ছুড়া হয়েছিল এতে বাধ্য হয়ে পুলিশ ৫ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। এসময় পুলিশের ৪ সদস্য আহত হন। আহতরা হলেন মৌলভীবাজার মডেল থানার এসআই ইমরান আহমদ,এ এস আই রনেশ ভট্টাচার্য, কন্সটেবল রনধীর দাস ও মোবারক হোসেন। আহতরা মৌলভীবাজার সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহম্মদ জানান দুপুরে শহরে বড়হাট হয়ে কুসুমভাগ এলাকায় জেলা যুবদল একটি মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। এসময় ওই মিছিল থেকে ইটপাটকেল নিক্ষেপ করা হলে ৪ জন পুলিশ আহত হন। এসময় পুলিশ আত্মরক্ষার্তে ৫ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। এঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। পুলিশ ঘটনাস্থল থেকে ফাহিম আহমদ নামের এক কিশোরকে আটক করেছে। তবে পুলিশের এমন বক্তব্য অস্বীকার করে জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন বলেন এধরনের কোন ঘটনাই ওসময় ঘটেনি। যা স্থানীয় প্রত্যক্ষদর্শী ও ভিডিও ফুটেজ দেখলেই প্রমাণ মিলবে। তিনি আটক ওই কিশোরকে তাদের কর্মী নয় বলেও জানান।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.