
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে হরিয়াল পাখি। বর্তমানে পাখিটির উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে পাঠিয়েছে অদিতি দেব নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। শনিবার সকালে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে হস্তান্তর করা হয়।
এসময় অদিতি দেব জানান, বুধবার ৫ ডিসেম্বর তার বাড়ির পাশের ১টি গাছের নিচে তিনি হরিয়াল পাখিটিকে পড়ে থাকতে দেখেন। সে সময় তিনি পাখিটিকে বাড়ি নিয়ে গিয়ে পাখিটির সেবা শুশ্রুষা করেন। পরে আরো উন্নত চিকিৎসার জন্য শনিবার সকালে হরিয়ালটিকে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের লোকদের কাছে তুলে দেন তিনি।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সঞ্জিত দেব বলেন, বর্তমানে হরিয়াল পাখিটি কিছুটা অসুস্থ রয়েছে। সুস্থ হয়ে উঠলে পাখিটিকে মুক্ত আকাশে অবমুক্ত করে দেওয়া হবে।
তিনি আরো জানান, হরিয়াল কবুতর জাতীয়, ফলভোগী বৃক্ষচারী পাখি। ইদানীং অনেকে ঘরেও পুষে থাকেন এই পাখি। দেখতে এটি কবুতরের মতো সুদর্শন। একসময় দেশের চিরহরিৎ বনাঞ্চলে প্রচুর দেখা যেত। তবে আবাসস্থল সংকটে আর সেভাবে নজরে পড়ে না। বিশ্বে ২৩ প্রজাতির হরিয়াল রয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.