বড়লেখা প্রতিনিধি॥ জুড়ী বাজারের দুই ব্যবসায়ী ভাইয়ের বসত বাড়ি পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার বিকেলে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে জায়ফরনগর ইউপির বেলাগাও গ্রামে। এলাকাবাসী ও কুলাউড়া দমকল বাহিনী প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও এর আগেই চারটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটেছে।
প্রত্যক্ষদর্শী ও কুলাউড়া ফায়ার স্টেশন সুত্রে জানা গেছে, জুড়ী সদরের ব্যবসায়ী ভ্রাতা আইয়ুব আলী ও গোফরান মিয়া প্রতিদিনের মত সোমবার সকালে দোকানে চলে যান। বিকেল চারটার দিকে বাড়ির মহিলারা পাশের বাড়িতে বেড়াতে যান। এসময় প্রতিবেশীরা একটি ঘরে আগুনের লেলিহান শিখা দেখে চিৎকার করেন। প্রত্যক্ষদর্শীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। এরই মধ্যে একে একে চারটি বসত ঘরে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ছুটে আছে কুলাউড়া দমকল বাহিনী। স্থানীয় লোকজন ও দমকল বাহিনী প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই সেমিপাকা টিনসেট বসতঘর, আসবাবপত্র, ধান, স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।
ব্যবসায়ী আইয়ুব আলী জানান, তারা দুই ভাই ব্যবসার কাজে বাইরে ছিলেন। মহিলারা প্রতিবেশির বাড়িতে বেড়াতে গিয়েছিল। এরই মধ্যে ঘটিত অগ্নিকান্ডে চারটি ঘর পুড়ে অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। অগ্নিকান্ডের সঠিক কারণ বলতে না পারলেও তিনি ধারণা করছেন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে।
এদিকে সন্ধ্যায় জুড়ী উপজেলা ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.