স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা এখনও আত্মগোপনে রয়েছেন। মামলা ও গ্রেফতার আতঙ্কে থাকা জেলা শহর ও বিভিন্ন উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আত্মগোপনে আছেন। বৃহস্পতিবার পর্যন্ত তারা ঘরে ফেরেননি। আতঙ্কে দিন কাটছে নেতাকর্মীদের। দায়িত্বশীল নেতাকর্মীদের অনেকেই ব্যবসা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে অনুপস্থিত রয়েছেন।
মামলা ও গ্রেফতার আতঙ্কে আত্মগোপনে থেকে মৌলভীবাজারের ৪টি আসনে দলীয় প্রার্থীদের পক্ষে প্রচারণা চালিয়েছেন দলের দায়িত্বশীল নেতাকর্মীরা। আতঙ্ক নিয়ে সংখ্যায় কম হলেও প্রচারণায় যোগ দিতেন তারা। কিন্তু নির্বাচন শেষ হলেও তাদের মধ্যকার সে আতঙ্ক কাটেনি। গ্রেফতার আতঙ্কে বাড়িঘর ছেড়ে পালিয়ে আছেন তারা।
বিএনপি’র নেতাকর্মীদের অভিযোগ, তাদেরকে এলাকা থেকে কৌশলে তাড়িয়ে দিয়ে ভোট উৎসব করা হয়েছে প্রতিটি কেন্দ্রে। নির্বাচন শেষ হলেও এখনও আত্মগোপনে রয়েছেন মৌলভীবাজার জেলা ও বিভিন্ন উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এ বিষয়ে মৌলভীবাজার জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, নির্বাচন উপলক্ষ করে আমাদের অনেক নেতাকর্মীকে গায়েবী মামলায় কারাগারে প্রেরণ করা হয়েছে। সে আতঙ্ক এখনও কাটেনি।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.