ইমাদ উদ দীন॥ জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ’র ৩১-তম প্রতিষ্ঠাবার্ষিকী মৌলভীবাজারে পালিত হয়েছে। এ উপলক্ষ্যে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ মৌলভীবাজার জেলা কমিটির উদ্যোগে সন্ধ্যায় শহরের কোর্টরোডস্থ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এনডিএফ মৌলভীবাজার জেলা কমিটির অন্যতম নেতা ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সহ-সভাপতি মোঃ মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা রিকশা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্টঃ ২৪৫৩ এর সভাপতি মোঃ সোহেল মিয়া, মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্টঃ-২৩০৫ এর সাধারণ সম্পাদক মোঃ শাহিন মিয়া ও কোষাধ্যক্ষ তারেশ বিশ্বাস সুমন, হোটেল শ্রমিক ইউনিয়ন শেরপুর আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান,রিকশা শ্রমিক ইউনিয়ন কালেঙ্গা আঞ্চলিক কমিটির সভাপতি মোঃ শাহজাহান আলী,সহ-সভাপতি মোঃ গিয়াস উদ্দিন,জেলা এনডিএফ সদস্য মোঃ জসিমউদ্দিন ও কিসমত মিয়া,হোটেল শ্রমিকনেতা মোঃ জামাল মিয়া প্রমূখ। সভায় বক্তারা বর্তমান সরকারের সৌদি আরবের সাথে নতুন করে সামরিক চুক্তি করার পদক্ষেপের তীব্র সমালোচনা করে বলেন বিগত সরকারে আমলে সৌদি নেতৃত্বাধীন ৩৪ টি সন্নী দেশের সামরিক জোটের সাথে সম্পৃক্ত হওয়ার ধারাবাহিকতায় আগামী ১৪ ফেব্রয়ারি নতুন চুক্তি করে ইয়েমেন সীমান্তে প্রায় ২০০০ বাংলাদেশী সেনা পাঠানোর মাধ্যমে বাংলাদেশকে প্রত্যক্ষ যুদ্ধে সম্পৃক্ত করা হচ্ছে। বক্তারা এই আত্মঘাতী চুক্তির বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। আলোচনা সভায় বক্তারা বলেন বাংলাদেশে ধনী-গরীবের ব্যবধান ক্রমশ বাড়ছে। যার কারণে একদিকে যেমন ধনী লোক সংখ্যা বৃদ্ধির হারে(১৭.৩%) বাংলাদেশের অবস্থান যেমন শীর্ষে, বিপরীতে বিশ্বের গরীব দেশসমূহের মধ্যে বাংলাদেশের অবস্থান পঞ্চম। সাম্প্রতিক এক তথ্যে প্রকাশিত হয়েছে ২০০৬ থেকে ২০১৫ সাল পর্যন্ত ১০ বছরে বাংলাদেশ থেকে ৬ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। এই টাকা কারা পাচার করেছে জনগণ তা জানতে চায়। মহাজোট সরকার মাথাপিছু মাসিক আয় প্রায় ১২,০০০ টাকাসহ (বার্ষিক ১৭৫২ ডলার হিসেবে) নিজেদের মত করে বিভিন্ন তথ্য উপাত্ত ও সূচক দেখিয়ে উন্নয়নের ডামাঢোল চালিয়ে যাচ্ছে। কিন্তু দেশের আপামর শ্রমিক কৃষক মেহনতি জনতার জীবনে এই তথাকথিক উন্নয়নের ছোঁয়া লাগেনি। সরকার প্রদত্ত মাথাপিছু আয়ের সাথে জনগণের আয় ক্ষমতার চিত্র অসঙ্গতিপূর্ণ হলেও মাথাপিছু ঋণের বোঝা ঠিকই আপামর শ্রমিক-কৃষক-মেহনতি জনগণকে টানতে হচ্ছে। সাম্রাজ্যবাদী পরিকল্পনায় এসডিজি বাস্তবায়ন প্রক্রিয়ায় দেশকে ঋণগ্রস্থ করার কারণে মাথাপিছু ঋণ ৬০ হাজার টাকা(জুন ২০১৮ পর্যন্ত) ছাড়িয়েছে। বাংলাদেশ একটি নয়া-উপনিবেশিক আধা-সামন্ততান্ত্রিক দেশ। এখানে ক্রিয়াশীল রয়েছে স্বৈরান্ত্রিক শাসন ব্যবস্থা। এদেশে কখনো গণতন্ত্র ছিল না এবং এখনো নেই। সমগ্র বিশ্বে শ্রমিকশ্রেণি ও জনগণের আশা-আকঙ্খা ও মুক্তির জন্য সমাজের বৈল্পবিক পরিবর্তন সাধন করতে হবে। আমাদের মত নয়া-উপনিবেশিক দেশগুলোতে জাতীয় গণতান্ত্রিক বিপ্লব এবং পূঁজিবাদী-সাম্রাজ্যবাদী দেশগুলোতে সমাজতান্ত্রিক বিপ্লব তথা বিশ্ব বিপ্লব সম্পন্ন করে নতুন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার কোন বিকল্প নেই। এর জন্য দরকার সাম্রাজ্যবাদ বিরোধী সকল শক্তির ঐক্য গড়ে তুলে সাম্রাজ্যবাদ-সামন্তবাদ ও তার দালাল স্বৈরাচারী সরকার বিরোধী বৃহত্তর আন্দোলন-সংগ্রাম। এ পথেই সম্ভব শ্রমিক-কৃষক-জনগণের কাঙ্খিত মুক্তি। আলোচনা সভা থেকে সাম্রাজ্যবাদী দেশ ও সংস্থা সমূহের সাথে সম্পাদিত জাতীয় ও জনস্বার্থ বিরোধী সকল চুক্তি বাতিল, ভারতের মূল ভূখন্ডের সাথে উত্তর-পূর্ব ভারতের সকল রূপের যোগাযোগ স্থাপনের জন্য সাম্রাজ্যবাদের দালাল ভারতকে সড়ক, রেল, নৌ, বিদ্যুৎ ইত্যাদি করিডোর প্রদান চুক্তি বাতিল, ডিজিটাল নিরাপত্তা আইনসহ সকল কালাকানুন বাতিল, বিনাবিচারে হত্যা-খুন-গুম বন্ধ, দফায় দফায় গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির পাঁয়তারা, চালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ, শ্রমিক-কর্মচারিদের জন্য বাজারদরের সাথে সংগতি রেখে ন্যূনতম মূল মজুরি ২০ হাজার টাকা নির্ধারণ ও শ্রমিকস্বার্থ বিরোধী সংশোধিত শ্রমআইন বাতিল করে গণতান্ত্রিক শ্রমআইন প্রণয়ন, ভূমিহীন দরিদ্র কৃষকের হাতে জমি ও কাজ, কৃষি উৎপাদনের খরচ কমানো এবং ফসলের ন্যায্যমূল্য, সার, ডিজেল. কীটনাশকের দাম কমানোর দাবিতে দুর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.