
জুড়ী প্রতিনিধি॥ মৌলভীবাজারের জুড়ীতে সাংবাদিক কল্যাণ প্রসূন চম্পুর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে জুড়ী উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে।
মঙ্গলবার বিকাল ৫টায় জুড়ী বিজিবি ক্যাম্প চত্তরে উপজেলা প্রেস ক্লাব সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলামের পরিচালনায় অনুষ্টিত সভায় একাত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা কুলেশ চন্দ্র মন্টু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, জুড়ী উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মঞ্জুরে আলম লাল, কুলাউড়া প্রেস ক্লাব সভাপতি আজিজুল ইসলাম প্রমুখ।
বক্তারা জুড়ীর সাংবাদিক চম্পুসহ সারাদেশে সাংবাদিকদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং হামলাকারীদের গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানান। সেই সাথে বিভিন্ন সাংবাদিকের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং মিথ্যা মামলায় গ্রেফতারকৃত সাংবাদিকদের মুক্তি দাবি করেন।
উল্লেখ্য, দৈনিক প্রথম আলো পত্রিকার জুড়ী প্রতিনিধি সাংবাদিক কল্যাণ প্রসূন চম্পু গত ২০ এপ্রিল রাত প্রায় ৯টায় একটি মোটর সাইকেলের পিছনে চড়ে ভবানীগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন। জুড়ী শিশুপার্ক সংলগ্ন সেতুর উপর যাওয়া মাত্র পূর্ব থেকে ওৎ পেতে থাকা ৪/৫ জন অজ্ঞাতনামা সন্ত্রাসী লাঠিসোটা নিয়ে তার উপর এলোপাতাড়ী হামলা চালায়। তিনি দৌড়ে সেতুর পাশে একটি দোকানে গিয়ে আশ্রয় নেন। ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বনিক ও জুড়ী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আমিনুল ইসলাম ঘটনাস্থলে পৌছে গুরুত্বর আহতাবস্থায় চম্পুকে উদ্ধার করে চিকিৎসার জন্য কুলাউড়া হাসপাতালে নিয়ে ভর্তি করেন। এ ঘটনায় চম্পু জুড়ী থানায় একটি সাধারণ ডায়রী করেন। এ সংবাদ লেখা পর্যন্ত হামলার সঠিক কারণ জানা যায়নি।
জুড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেয়া হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.