
স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা কমরেড সৈয়দ আবু জাফর আহমকে শেষ শ্রদ্ধা জানানো হয়েছে। মৌলভীবাজার টাউন ঈদগাহ মাঠে জানাযার নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে হযরত সৈয়দ শাহ মোস্তফা (র:) মাজার প্রাঙ্গণে চির নিদ্রায় শায়িত করা হয়।
১ জুন শনিবার সকালে শহরের চৌমোহনাস্থ সিপিবি জেলা কার্যালয়ে সৈয়দ আবু জাফর আহমদের শবদেহ নেয়া হয়। সেখানে দলের পক্ষ থেকে তাঁকে শেষ শ্রদ্ধা এবং পার্টির স্বেচ্ছাসেবীরা রেড সেলুট প্রদান করা হয়। সেখান থেকে মৌনযাত্রা করে মরদেহ মৌলভীবাজার প্রেসক্লাবে নিয়ে যাওয়া হয় সেখানে প্রেসক্লাব ও সাংবাদিকরা শ্রদ্ধা জানান। এসময় সৈয়দ আবু জাফর আহমদকে নিয়ে কথা বলেন, মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি আব্দুল হামিদ মাহবুব ও সাবেক সভাপতি ও প্রবীণ সাংবাদিক এম এ সালাম। পরে মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন সামাজিক, রাজনৈতি ও সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের মানুষ এই বিপ্লবীকে শেষ শ্রদ্ধা জানান। এসময় কথা বলেন সিপিবির উপদেষ্ঠামন্ডলীর সদস্য কমরেড মনজুরুল আহসান খান, দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, মৌলভীবাজার- ৩ এর সাংসদ ও জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ, জেলা পরিষদ চেয়ারম্যান বর্ষীয়ান রাজনীতিক আজিজুর রহমান,মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, জেলা জাসদের সভাপতি আব্দুল হক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল উদ্দিন, গণ ফোরাম নেতা অ্যাডভোকেট শান্তিপদ ঘোষ, জেলা ন্যাপ নেতা নিহারেন্দু হোম সজল, সাবেক ছাত্র ইউনিয়ন নেতা আব্দুল মুঈন প্রমুখ। সেখানে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। বেলা ২টায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে সৈয়দ শাহ মোস্তফা (র.) মাজার প্রাঙ্গন কবরস্থানে তাঁকে শায়িত করা হয়। গত ২০মে নিউমোনিয়া, শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি হন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ডায়ালাইসিস করার জন্যে ইউনাইটেড হাসপাতালে স্থানান্তর করা হয়। ২৮ মে রাতে সেখানে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.