
আশরাফ আলী॥ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক আইডি হ্যাক করে অশ্লীল, উস্কানীমূলক ছবি ফেইসবুকে পোস্ট করে চাঁদা দাবী সহ চাঁদা আদায়ের অভিযোগে নুরে আলম নাহিদ (১৯) নামের একজনকে আটক করেছে পুলিশ। এঘটনায় ভূক্তভোগীর চাচাত ভাই বাদী হয়ে ৩জনকে আসামী করে ডিজিটাল নিরাপত্তা আইনে ১৩ নভেম্বর বুধবার মৌলভীবাজার মডেল থানায় মামলা (মামলা নং- ১২/২০১৯) দায়ের করেছেন।
আসামী নুরে আলম সিলেট জালালাবাদ থানার তেমুখি শেখপাড়া এলাকার শিহাব উদ্দিনের ছেলে। মামলার অন্য আসামীরা হলেন- আব্দুল্লাহ আহমেদ (২২) ও আশরাফ চৌধুরী (২৩) তারা উভয়ই সিলেট মেট্টোপলিটন এলাকার শাহপরান থানার অধিবাসী।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মামলার বাদী এস এম জালাল উদ্দিনের চাচাত ভাই সালেক সানীর ফেইসবুক আইডি অক্টোবর মাসের ২২ তারিখে হ্যাক করে আটক আসামী নুরে আলম নাহিদ। আইডি হ্যাক করে ফেন্ডলিস্টে থাকা বন্ধুদের কাছে টাকা দাবী করতে থাকে। টাকা চাওয়া অবস্থায় আসামীর সাথে যোগাযোগ করে বাদীর চাচাত ভাই। যোগাযোগ করা হলে আসামী জানায় আব্দুল্লাহ আহমেদ ও আশরাফ চৌধুরী নামে দু’জন আইডিটি হ্যাক করেছে। আইডি পেতে হলে ৫হাজার টাকা দিতে হবে। ৩০ অক্টোবর সন্ধ্যায় মৌলভীবাজার চৌমূহনার একটি বিকাশের দোকান থেকে আসামীর ব্যক্তিগত বিকাশ নাম্বারে ৫হাজার টাকা প্রেরণ করেন বাদী। আসামীরা বাদীর নিকটও টাকা দাবী করে। টাকা পাবার পর বাদীর চাচাত ভাইয়ের আইডিটি ফেরত দেয়।
পরবর্তীতে ১০ নভেম্বর আসামী নুরে আলম নাহিদ আবারো ফেইসবুক আইডির মাধ্যমে টাকা দাবী করে। এ অভিযোগের ভিত্তিতে বুধবার ১৩ নভেম্বর আসামীকে আটক করা হয়।
তথ্যটি নিশ্চিত করে মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ আলমঙ্গীর হোসেন জানান, আসামীর রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.