
তোফায়েল পাপ্পু॥ ১৯৯৫ সালে প্রতিষ্ঠার পর শহিদ মিনারটির আর কেউ খোঁজ নেননি। রেল স্টেশন আর বাজারের ময়লা আবর্জনার স্তুপে হারিয়ে যেতে বসেছিল ভাষা আন্দোলনের স্মারক স্মৃতিসৌধটি। এরপর ২৪ বছর পর স্থানীয় একদল যুবক সামাজিক দায়বদ্ধতা থেকে সেচ্ছা শ্রমে জরাজীর্ণ ভাঙ্গা ও পরিত্যক্ত অবস্থায় থেকে শহীদ মিনারটি সংস্কার করে দৃষ্টান্ত স্থাপন করেছে।
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইউনিয়নে সাতগাঁও রেল স্টেশন এর সামনের ময়লার ভাগাড় থেকে শহিদ মিনারটি উদ্ধার করে সংস্কার করে ওই যুবকরা। স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘আলোর শক্তি’ ব্যানারে তারা বৃহস্পতিবার ২১ নভেম্বর এলাকাটি সাফ সুতরা শেষ করে নিজেরা রংয়ের প্রলেপ লাগিয়ে উচ্ছাস প্রকাশ করেছেন।
স্থানীয় ইউপি সদস্য বজরুল আলম বকুল বলেন, ১৯৯৫ সালে তৈরি করার পর ২০১৪ সালে একবার সংস্কার করা হলেও শহিদ মিনারটি আবারো ঘন জঙ্গল আর ময়লার ভাগাড়ে ঢেকে পড়ে।
‘আলোর শক্তি’ সংগঠনের উপদেষ্টা আবেদ হোসেন, সভাপতি তাসলিম আহমেদ, ছাত্রলীগ নেতা ইমদাত চৌধুরী ইমু ও সাইফুল ইসলামসহ স্থানীয় যুবকরা এই উদ্যোগের কারনে হারিয়ে যেতে বসা ভাষা শহীদ মিনারটি আবারো প্রাণ ফিওে পেল। এতে এলাকাবাসী তাদের সাধুবাদ জানিয়েছেন।
সংগঠনটির সাধারণ সম্পাদক কামাল হোসেন বলেন, দীর্ঘদিন অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকার খবর পেয়ে সামাজিক দায়বদ্ধতা থেকে ভাষা শহীদদের সম্মানার্থে এটি আমরা নিজেদের উদ্যোগে সংস্কার করি। জলা জঙ্গল সাফ করে শহিদ মিনারে নিজেরাই নতুন রং করি। এখন এর চার পাশে বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছি।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.