মু. ইমাদ উদ দীন॥ মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামীলীগের সম্মেলন ও কাউন্সিল দীর্ঘ ১৪ বছর পর ২ ডিসেম্বর সোমবার অনুষ্ঠিত হবে। প্রত্যাশিত এই সম্মেলন ও কাউন্সিলকে ঘীরে নেতাকর্মীদের মধ্যে এখন উৎসবের আমেজ বইছে। কারা হচ্ছেন সভাপতি সম্পাদক এনিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। তবে দলের নিবেদীত প্রাণ তৃণমূলের নেতাকর্মীদের প্রত্যাশা কর্মীবান্ধব ও সবার কাছে গ্রহণযোগ্যরাই যেন নেতৃত্বে আসেন। তাদের জোর দাবি কোনো প্রবাসী ও ঠিকাদারী ব্যবসার সাথে জড়িত বির্তকিত এমন কেউ যেন কমিটিতে ঠাঁই না পান। যাতে কোনো কৌশলে দলের নেতৃত্বে এসে তারা তাদের ব্যক্তি স্বার্থের কার্যক্রমে যেন সংগঠনকে ব্যবহার না করেন। এমন জোর দাবি ও পরামর্শ তাদের।
নেতাকর্মীরা বলছেন জেলা কমিটিতে সভাপতি ও সম্পাদক পদে অনেক প্রবাসী প্রার্থী হলেও তারা মূল কমিটিতে ঠাঁই পাননি। আর যে দু’একজন প্রবাসী ও ঠিকাদার ওই কমিটিতে স্থান পেয়েছেন ওদের নিয়ে এখনো বির্তক চলছে। তাই জেলা কমিটির মত সদর উপজেলা কমিটিতে প্রবাসী ও ঠিকাদাররা যাতে মূল পদে না আসতে পারেন সে দিকে সর্তক থাকতে তারা পরামর্শ দিচ্ছেন। নেতাকর্মীরা বলছেন পুরো জেলার সাংগঠনিক কার্যক্রম চাঙ্গা ও সক্রিয় রাখতে সবসময়ই সদর উপজেলার নেতাকর্মীদের ভূমিকা থাকে অগ্রণীয়। সে বিষয়টি খেয়াল রেখেই যাতে দলের কাউন্সিলে সভাপতি ও সম্পাদক নির্বাচিত হন এমনটিই জোর দাবি তাদের।
২৫ নভেম্বর দুপুরে মৌলভীবাজার শহরের চৌমহনাস্থ এলাকার একটি কমিউনিটি সেন্টারে সম্মেলন প্রস্তুতির কমিটিরি সভা সম্পন্ন হয়েছে। সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনকার আহমদের সঞ্চালনায় ও ভারপ্রাপ্ত সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান কামাল আহমেদের সভাপতিত্বে সম্মেলন ও কাউন্সিল প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মিছবাহুর রহমান, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন, সৈয়দ নওশের আলী খোকনসহ জেলা ও সদর উপজেলার নেতাকর্মীরা। এখন দ্রুত চলছে সম্মেলন ও কাউন্সিলের প্রস্তুতির নানা কার্যক্রম। দলের নবীণ প্রবীণ নেতাকর্মীদের সম্মেলন ও কাউন্সিলে অংশ গ্রহণ করতে চিঠির মাধ্যমে জানানো হচ্ছে আমন্ত্রণ। জানা যায় দুই ডিসেম্বর (সোমবার) সকাল ১১ টায় পৌর জনমিলন কেন্দ্রে এই সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হবে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) আহমদ হোসেন,অনুষ্ঠান উদ্বোধন করবেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও সংসদ সদস্য নেছার আহমদ, বিশেষ অতিথি রয়েছেন আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান মো: আজিজুর রহমান, আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান,আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান।
সভাপতিত্ব করবেন সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল আহমেদ। সঞ্চালনায় থাকবেন সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনকার আহমদ। ইতিমধ্যে সম্মেলন ও কাউন্সিল সফল করতে প্রস্তুতিমূলক কাজ এগিয়ে চলেছে। তৈরী হচ্ছে সম্মেলনের মঞ্চ,তোরণ ও গ্রেইট। চলছে প্রচার প্রচারণাসহ আনুষ্ঠানিক অন্যান্য সকল কাজ। সম্মেলন ও কাউন্সিল কে সামনে রেখে বিগত কমিটির সাংগঠনিক কার্যক্রম নিয়ে এ ক’দিন থেকে চলছে নেতাকর্মীদের চুলচেরা বিশ্লেষণ। চলছে নানা হিসাব নিকাশও।
জানা যায় ২০০৫ সালের ১২ ডিসেম্বর ৬৭ সদস্য বিশিষ্ট মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠিত হয়। আর পুরো কমিটি অনুমোদন পায় ২০০৬ সালের ৫ মে। তখন জেলা সভাপতি ছিলেন প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসীন আলী ও সাধারণ সম্পাদক ছিলেন মরহুম আব্দুল ওয়াদূদ। নানা কারনে দীর্ঘদিন থেকে হয়নি সদর উপজেলা আওয়ামীলীগের কাউন্সিল ও সম্মেলন। ওই কমিটির অনেক দায়িত্বশীল পদের লোকজন এখন আর বেঁচে নেই। আবার দু’একজন স্বপরিবারে প্রবাসেও বসবাস করছেন। তারপরও সাংগঠনিক কার্যক্রম ছিল চলমান। তাই সময় উপযোগী এই সম্মেলনের তারিখ ঘোষণার পরপরই পদ পদবী প্রত্যাশীরা শীর্ষনেতাসহ তৃণমূলের নেতাকর্মী ও কাউন্সিলারদের আশীর্বাদ ও সমর্থন পেতে ব্যস্ত হয়ে উঠেন। কাউন্সিলে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন বর্তমান কমিটির সাধারণ সম্পাদক আনকার আহমদ,আকবর আলী, আক্তারুজ্জামান, আবু সুফিয়ান, আব্দুল মালিক তরফদার শোয়েব, মুজিবুর রহমান মুজিবসহ অনেকেরই।
এবিষয়ে সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনকার আহমদ জানান সম্মেলন ও কাউন্সিলের সবপ্রস্তুতি প্রায় চূড়ান্ত। প্রত্যাশা রাখছি কাউন্সিলের মাধ্যমে সুন্দর একটি নেতৃত্ব আসবে। সম্মেলন ও কাউন্সিল সফল করতে নেতাকর্মীরা রাতদিন পরিশ্রম করে যাচ্ছেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.