আশরাফ আলী/সাইফুল্লাহ হাসান॥ ক্যালেন্ডারের পাতার দিকে তাকালে দেখা যাবে আর মাত্র কয়েক ঘন্টা পর ইংরেজী নতুন বছরের শুরু। ২০১৯ সালের প্রথম দিনটি ছিল মঙ্গলবার অন্যদিকে বছরের শেষ দিনটিও মঙ্গলবার। বছরটি কেমন কেটেছিল মৌলভীবাজারবাসীর। বিশেষ করে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি। মৌলভীবাজারের সচেতন মানুষ বলছেন ২০১৯ সালটি ছিল জেলাবাসীর জন্য কঠিন সময়। বিগত বছরের শেষের দিকে জাতীয় নির্বাচনের রেশ কাটার আগেই বছরটির সূচনা হয়। বছরটি পার হয় আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির মধ্য দিয়ে।
এবছর জেলার কয়েকটি ঘটনা সারা বিশ্বে আলোচিত হয়েছে। আলোচিত ঘটনাগুলোর রেশ অনেকটাই রয়ে গেছে এখনো।
এ বছরে মৌলভীবাজারের আলোচিত ঘটনাগুলো নিম্নে তোলে ধরা হলো :
বিএনপি কর্মী মনে করে পুলিশকে পেটালেন ওসি : রাজনৈতিক ঘটনাগুলোর মধ্যে জেলার এ ঘটনাটি দেশ বিদেশে সবচেয়ে আলোচিত সমালোচিত হয়েছে। এই ঘটনাটি হলো বিএনপি কর্মী মনে করে প্রকাশ্যে রাস্তায় ডিএসবির কনস্টেবল আবুল বাশারকে পিটান মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ আলমঙ্গীর হোসেন। ঘটনাটি ঘটে ডিসেম্বর মাসের ১২ তারিখ সকালে মৌলভীবাজার চৌমূহনা এলাকায়।
আওয়ামীলীগের সম্মেলনে ছাত্রলীগের সংঘর্ষ : মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন চলাকালীন সময়ে ছাত্রলীগের দুগ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। ০২ ডিসেম্বর দুপুরে পৌর জনমিলন কেন্দ্রে এ ঘটনাটি ঘটে। এই ঘটনাটি জেলাজুড়ে সমালোচিত হয় আওয়ামীলীগের সম্মেলনে ছাত্রলীগের উপস্থিতি নিয়ে।
শহীদ জিয়া অডিটোরিয়ামের নাম ফলক ভাঙ্গল ছাত্রলীগ : জয় বাংলা স্লোগানে মৌলভীবাজার সরকারি কলেজের শহীদ জিয়া অডিটোরিয়ামের নাম ফলক ভেঙ্গে দেয় ছাত্রলীগ। ২৯ আগস্ট দুপুরে মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নেতৃত্বে নাম ফলকটি ভাঙ্গা হয়। নাম ফলকটি ভেঙ্গে দিয়ে এর নামকরণ করে মৌলভীবাজার সরকারি কলেজ অডিটোরিয়াম। যা জেলাজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি করে।
স্কুল চলাকালে মশার ঔষধ স্প্রে : দেশব্যাপী ডেঙ্গু রোগের প্রকোপ ছড়িয়ে পড়েছিল। তখন একের পর একেক জন লোক ডেঙ্গু আক্রান্ত হচ্ছিলেন। স্কুল চলাকালে মৌলভীবাজার পৌর শহরের দি ফ্লাওয়ার্স কে.জি এন্ড হাই স্কুলে মশা নিধনের ঔষধ স্প্রে করার পর স্কুলের ১২ শিক্ষার্থী অসুস্থ হয়। ডেঙ্গু মশা নিধনের এই ঘটনাটি জেলা জুড়ে আলোচিত হয়।
ছেলেধরা গুজব : সারা দেশের মতো এই ছেলেধরা গুজবে আতঙ্ক ছড়িয়ে পড়ে জেলাজুড়ে। অপরিচিত কাউকে সন্দেহ হলে গণপিটুনির স্বীকার হতে হয়েছিল। গুজবে এক বৃদ্ধকে প্রাণ দিতে হয়েছে। এবং গণপিটুনিতে আহত হয়েছিলেন ৫জন। এছাড়া ছেলেধরা সন্দেহে হেনস্তার শিকার হয়েছিলেন অন্তত ১০ জন। ছেলেধরা গুজব যারা ছড়িয়েছিল তাদের ব্যাপারে কঠোর হয়েছিল পুলিশ। ছেলেধরা গুজব বন্ধ করার জন্য প্রশাসনের ব্যাপক তৎপরতা ছিল।
মনু নদীতে ভাঙ্গন : ভারতে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে মৌলভীবাজার সদর, রাজনগর ও কুলাউড়া উপজেলা দিয়ে প্রবাহিত মনু নদী ও কমলগঞ্জের ধলাই নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে বেশ কয়েকটি এলাকা প্লাবিত হয়। এছাড়া মনু ও ধলাই নদীর কয়েকটি জায়গায় প্রতিরক্ষা বাঁধ ভেঙ্গে যায়। ঘটনাটি জেলাজুড়ে আলোচনার সৃষ্টি করে পানি উন্নয়ন বোর্ডের অবহেলা নিয়ে।
কুলাউড়ার বরমচালে ভয়াবহ ট্রেন দূর্ঘটনা : সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা আন্ত:নগর উপবন এক্সপ্রেস ওভার স্পীড ও রেললাইনের ত্রুটি’র কারণে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। এতে ট্রেনের ৫টি বগি খাদে পড়ে। ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়। আহত হন অন্তত ২৫০ জন। ২৪ জুন রাত পৌনে ১২টার দিকে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল স্টেশন থেকে ২০০ মিটার দূরে কালা মিয়া বাজার সংলগ্ন একটি ব্রিজে এ দূর্ঘটনা ঘটে। এ দূর্ঘটনার পর আরো কয়েক দফা ট্রেন লাইনচ্যুত হয়। বার বার ট্রেনের দূর্ঘটনার জন্য রেল কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করেন জেলাবাসী।
নারী আইনজীবী হত্যা : মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী এডভোকেট আবিদা সুলতানা হত্যার ঘটনাটি জেলাজুড়ে আলোচিত হয়। আবিদা সুলতানার বাড়ী জেলার বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউপির মাধবগুল গ্রামে। নিহত আবিদা ঐ এলাকার মৃত আব্দুল কাইয়ুমের মেয়ে। পুলিশ জানায়, আইনজীবী আবিদা সুলতানার হত্যাকান্ডের ঘটনাটি ঘটে বাড়ি ভাড়া ছাড়ার ক্ষোভ থেকে। ঘটনাটি ঘটান বাড়িতে ভাড়া থাকা স্থানীয় মসজিদের ইমাম তানভির আলম।
পুলিশের সাথে বন্দুক যুদ্ধে মাদক সম্রাট জিতু নিহত : পুলিশের সাথে বন্দুক যুদ্ধে মৌলভীবাজার শহরের বেরিরচর এলাকার বাসিন্দা মাদক সম্রাট মুজিবুর রহমান জিতু নিহত হওয়ার ঘটনাটি জেলাজুড়ে আলোচিত হয়। জিতু ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। ঘটনাটি ২৭ এপ্রিল দুপুরে সদর উপজেলার মৌলভীবাজার-কুলাউড়া আঞ্চলিক মহাসড়কের রায়শ্রী এলাকায় ঘটে।
বাস থেকে ফেলে সিকৃবি শিক্ষার্থী হত্যা : মৌলভীবাজারের শেরপুরে ইচ্ছাকৃতভাবে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ঘুরী মো. ওয়াসিম আব্বাসকে হত্যার ঘটনাটি দেশজুড়ে আলোচিত হয়। ভাড়া নিয়ে কথাকাটাকাটির জের ধরে হত্যাকান্ডের ঘটনাটি ঘটে এই বছরের ২৩ মার্চ সন্ধ্যায়।
চা বাগানে গণধর্ষণের শিকার ২ নারী : বাড়ী যাবার পথে জেলার কমলগঞ্জের দেওরাছড়া চা বাগান এলাকায় অটোরিকশা চালকের সহযোগিতায় ২০ ডিসেম্বর রাতে গণধর্ষণের স্বীকার হন ২ নারী। এই ঘটনায় পুলিশ সাতজনকে আটক করে। ঘটনাটি জেলাজুড়ে আলোচিত হয়।
পিঁয়াজের দাম নিয়ে অস্বস্তি : সারাদেশের মতো মৌলভীবাজারে পিঁয়াজের দাম নিয়ে অস্বস্তি দেখা দেয়। বিশেষ করে পেঁয়াজের দাম নিম্নবিত্ত মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়। যার ফলে দুর্ভোগে পড়েন জেলার নিম্ববিত্ত আয়ের মানুষগুলো।
গণআদালতে বানরের মৃত্যুদন্ড : জেলার বড়লেখা উপজেলায় একটি বানরকে মৃত্যদন্ড দিয়েছে এলাকাবাসী। গত ১ মাস যাবত এই বানরের কামড়ে ৩৫ শিশু আহত হয় এবং এক শিশুর মৃত্যুর ঘটনায় আতংকিত এবং উত্তেজিত এলাবাসী এই ঘটনা ঘটিয়েছেন। মধ্যে ১৯ নভেম্বর মঙ্গলবার সকালে আরো একটি শিশুকে বানরটি কামড়ে আহত হয়। এর পরপর উত্তেজিত গ্রামবাসী বানরটিকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। তারা ভাতের সঙ্গে অতিমাত্রায় ঘুমের ওষুধ খাইয়ে বিকাল ৩টার দিকে একটি ধানক্ষেত থেকে বানরটিকে আটক করা হয়। পরে স্থানীয় কাঁঠালতলী বাজার সংলগ্ন স্থানে শত শত জনতার উপস্থিতিতে এবং তাদের সিদ্ধান্তে বানরটির মৃত্যুদণ্ড কার্যকর করেন। এবং মেরে মাটি চাপা দেয়া হয়। এই ঘটনাটি দেশজুড়ে আলোচিত ছিলো।
লবণ কান্ড : সারাদেশের মতো মৌলভীবাজারে লবণের দাম বেড়েছে বলে গুজব ছড়ায় একটি মহল। গুজব ছড়িয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেয় একটি চক্র। এই চক্রের কয়েকজন আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে, জেলার কমলগঞ্জ উপজেলার ধলাই নদীর নতুন ব্রিজের উপর ৩৭৫ কেজি লবণ ভর্তি একটি সিএনজি আটক করা হয়। এবং ৫ হাজার টাকা জরিমানা করাসসহ লবণসহ সিএনজি থানায় জব্দ করা হয়েছে। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম আশেকুল হক।
মাধবকুণ্ড জলপ্রপাতে জলজ প্রাণীর মৃত্যু : জেলার বড়লেখা উপজেলার মাধবকুণ্ড জলপ্রপাতের পানি থেকে বিভিন্ন জাতের মাছ ও অন্যান্য জলজপ্রাণী মরে ভেসে উঠে। গত (৪ নভেম্বর) থেকেই এখানে মাছ মারা যাওয়ার খবর পাওয়া যায়। এতে জলপ্রপাতের পানির পাশাপাশি এলাকার বাতাসেও দুর্গন্ধ ছড়ায়। মৎস্য বিভাগের লোকজন জলপ্রপাতের পানির গুণাগুণ পরীক্ষা করে বলেন মাছ মারার জন্য কেউ পানিতে পাহাড়ি বিষ লতা দিয়েছে। ফলে মাছসহ অন্যান্য জলজ প্রাণী মারা যাচ্ছে। জলজ প্রাণী মৃত্যুর ই ঘটনাটি ছিলো দেশ জুড়ে আলোচিত।
ঢাকার পাগলা মিজানের ঠাঁই হলো মৌলভীবাজারের কারাগারে : ঢাকার মোহাম্মদপুরের আলোচিত সেই হাবিবুর রহমান মিজান উরফে পাগলা মিজানকে গত ১১ অক্টোবর ভোররাতে শ্রীমঙ্গল উপজেলার গুহ রোডের এক লন্ডন প্রবাসীর বাসা থেকে আটক করা হয়। সম্প্রতি ক্যাসিনো ব্যবসা অভিযান ও দুর্নীতিতে অভিযুক্ত পাগলা মিজানকে অস্ত্রসহ র্যাব-২ ও র্যাব-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্পের সদস্যরা আটক করে। আটকের সময় তার কাছ থেকে একটি অবৈধ বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি, একটি মেগাজিন ও নগদ ২ লাখ টাকা উদ্ধার করা হয়। সেই সাথে সাতদিনের রিমান্ড শেষে শ্রীমঙ্গল থানায় দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে মৌলভীবাজার কারাগারে পাঠানো হয় তাকে। এটিও ছিলো জেলা জুড়ে আলোচিত।
অনিয়মের অভিযোগে জুড়ী ছাত্রলীগের কমিটি বিলুপ্ত : সম্মেলনের দীর্ঘ ১৯ মাস পর জেলার জুড়ী উপজেলা ও কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষনা করা হয়। কমিটি গঠিত হবার ২২দিন পর বিভিন্ন অনিয়মের অভিযোগ প্রমানিত হওয়ায় কমিটি বিলুপ্ত করে কেন্দ্রীয় ছাত্রলীগ। আবার বিলুপ্ত হওয়ার ২দিনের মাথায় কমিটি ঘোষণা হলেও আবারো নতুন করে বির্তকের জন্ম হয়েছে। এ নিয়ে বার বার ব্যর্থতার পরিচয় দিয়েছে কেন্দ্রীয় ও জেলা ছাত্রলীগ। গত ৭ ডিসেম্বর মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত প্যাডে এক বছরের জন্য জুড়ী উপজেলা ও কলেজ ছাত্রলীগের নতুন কমিটির অনুমোদন দেয়া হয়। উপজেলা ছাত্রলীগের অভিযুক্ত আগের কমিটির সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন সাবেলকে সভাপতি ও ইকবাল ভূইয়া উজ্জলকে সাধারণ সম্পাদক করা হয়। অথচ বর্তমান সভাপতি সাহাব উদ্দিন সাবেলের বিরোদ্ধে মাদক ব্যবসা ও ডাকাতির অভিযোগ রয়েছে। উপজেলাটি ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকিরের নিজ উপজেলা। এ নিয়েও বেশ অলোচনা সমালোচনা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.