
আব্দুর রব॥ বড়লেখায় সরকারী ভুমি দখল করে প্রভাবশালীদের ছত্রছায়ায় পাকা দোকানঘর নির্মাণ করছেন সবুজ হোসেন নামে এক ব্যক্তি। ১১ মার্চ বুধবার বিকেলে পানি নিষ্কাশনের নালায় অবৈধভাবে ঘর নির্মাণের কাজ চলতে দেখে তা অপসারণের নির্দেশ দিয়েছেন ইউএনও মো. শামীম আল ইমরান।
জানা গেছে, উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের চন্ডিনগর প্রাইমারী স্কুলের পশ্চিম দিকের সরকারী ভুমির ওপর একটি নালা রয়েছে। এ নালা দিয়ে আশ-পাশ এলাকার পানি নিষ্কাশিত হয়। বড়লেখা-শাহবাজপুর এলজিইডি সড়ক হতে পূর্ব চন্ডিনগর গ্রামের রাস্তায় বাজার সংলগ্ন সরকারী ব্রিজের নিচ দিয়ে নালাটি দক্ষিণ দিকে প্রবাহিত। সম্প্রতি এ নালার ওপরের ব্রিজের সম্মুখে পাকা দোকান ঘর নির্মাণের কাজ শুরু করেন স্থানীয় সবুজ আহমদ নামক যুবক। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন এলাকাবাসী জানান, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের প্রভাবে সবুজ হোসেন সরকারী নালার ওপর অবৈধভাবে পাকার দোকান নির্মাণ করছেন। এতে পানি নিষ্কাশনে মারাত্মক প্রতিবন্ধকতার সৃষ্টি হবে। তীব্র জলাবদ্ধতা দেখা দিবে। সরেজমিনে গেলে সবুজ হোসেন জানান, সরকারী ভুমির ওপর দোকান ঘর নির্মাণ করলেও এটি স্থানীয় আওয়ামী লীগের দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করবেন। দোকানঘর তৈরীতে কারো কোন অসুবিধা হবে না। পার্শবর্তী ভুমি মালিকদের সাথে সমঝোতা করেই দোকান ঘর নির্মাণ করছেন।
ইউএনও মো. শামীম আল ইমরান জানান, বুধবার বিকেলে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে নালার ওপর পানি নিষ্কাশনের কালভার্টের সম্মুখে পাকা ঘর নির্মাণের সত্যতা পেয়েছেন। সরকারী ভুমির ওপরের যাবতীয় অবৈধ স্থাপনা অপসারণের জন্য তিনি নির্মাণকারীকে নির্দেশ দিয়েছেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.