
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। শনিবার ২১ মার্চ উপজেলার ভূনবীর ইউনিয়নের লছনা বাজার নামক স্থানে সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। আহত মনর মিয়া (৫৫) কে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। এ ঘটনায় আহতের মেয়ে সাকিরা আক্তার সুমি বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে ও আরো অজ্ঞাত ৪-৫ জনকে আসামী করে শ্রীমঙ্গল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনায় থানা পুলিশ ১ আসামীকে আটক করেছে।
থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে উপজেলার পশ্চিম আলীশারকুল গ্রামের মৃত ছিফত উল্লার পুত্র মনর মিয়ার সাথে প্রতিবেশী মৃত বাদশা মিয়ার পুত্র নাসির মিয়া, আসির মিয়া ও তাদের লোকজনদের সাথে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত পারিবারিক বিরোধ চলছিল। এর জের ধরে গত ২১ মার্চ সন্ধ্যা ৭টার দিকে মনর মিয়া লোছনা বাজারে গেলে বিবাদীরা দা’ লাঠিসহ বিভিন্ন দেশী অস্ত্রে সজ্জিত হয়ে মনর মিয়ার উপর হামলা করে। এসময় বিবাদীরা এলোপাথারি মারপিট করার এক পর্যায়ে মনর মিয়া প্রাণ ভয়ে স্থানীয় কমলা মিয়ার চা ষ্টলে আশ্রয় নেয়। পরে বিবাদীরা সেখানেই মনর মিয়াকে রাম দা’ দিয়ে এলাপাথারী কুপিয়ে মারাত্মক জখম করে। এসময় বিবাদীরা মনর মিয়ার কাছ থেকে ১ লক্ষ ৭৫ হাজার নগদ টাকা ও একটি সামসং মোবাইল ফোন ছিনিয়ে নেয়। স্থানীয়রা মনর মিয়াকে সাহায্যে এগিয়ে এলে বিবাদীরা মনর মিয়াকে হত্যা করে লাশ গুমের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে মর্মে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে স্থানীয় লোকজন রক্তাক্ত আহত অবস্থায় মনর মিয়াকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা অবস্থার অবনতি দেখে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তার অবস্থা আশংকাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
এ ঘটনায় মনর মিয়ার কন্যা সাকিরা আক্তার সুমি বাদী হয়ে উপজলার প্রতিবেশী মৃত বাদশা মিয়ার পুত্র দুই ভাই নাসির মিয়া (২৫) ও আসির মিয়া (২৮), একই এলাকার তাজু মিয়ার স্ত্রী মালই বেগম (৪৫), মৃত আলফু মিয়ার পুত্র জয়নাল মিয়া (৫০) মৃত আলকাস মিয়ার পুত্র তাজু মিয়া (৪৫), মৃত আফজল উল্লাহর পুত্র খায়রুল্লাহ (৫০) ও মৃত আনিছ মিয়ার পুত্র আলকাছ মিয়া ওরফে বাক্কাই (৫০)সহ আরো অজ্ঞাত ৪-৫ জন ব্যক্তিকে আসামী করে শ্রীমঙ্গল শ্রীমঙ্গল থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।
জানতে চাইলে শ্রীমঙ্গল থানার ওসি মো. আব্দুছ ছালেক জানান, এ ঘটনায় অভিযোগ পাওয়ার পর ১ জনকে আটক করা হয়েছে, বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.