
স্টাফ রিপোর্টার॥ করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সবুজবাগ আবাসিক এলাকার বীর মুক্তিযোদ্ধা বিকাশ দত্ত । মারা যাওয়ার পর তার মৃত দেহ থেকে নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ।
শ্রীমঙ্গল উপজেলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ নজরুল ইসলাম জানান, আমাদের প্রশিক্ষিত ও তালিকাভুক্ত একরামুল মুসলিমীন ফাউন্ডেশন টিমের সদস্যরা সংক্রমণবিধি অনুসরণ করে ভোররাতে বীর মুক্তিযোদ্ধা বিকাশ দত্ত এর সৎকার করেছে। একজন মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রিয় সম্মান প্রদর্শন করা হয়েছে। তবে রাতে সৎকার হওয়ায় কারণে গার্ড অব অনার দেয়া হয়নি।
শ্রীমঙ্গল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার কুমুদ রঞ্জন দেব বলেন, আমাদের মুক্তিযোদ্ধা বিকাশ দত্ত মৃত্যুবরণ করার খবরটি শুনে ইউএনও মহোদয়কে ফোনে বিষয়টি জানাই। পরিবারের সম্মতিতে রাতেই শেষকৃত্য করার সিদ্ধান্ত নেয়া হয়।
শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আশরাফুজ্জামান জানান, বাসা থেকে ট্রাকযোগে মুক্তিযোদ্ধা বিকাশ দত্তের মরদেহ পৌর শ্মশানঘাট পর্যন্ত নিয়ে যাই। এসময় শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহেল রানাসহ শ্রীমঙ্গল থানা পুলিশের একটি টিম ছিল।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাজ্জাদ হোসেন চৌধুরী বলেন, গত কয়েকদিন ধরে বিকাশ দত্ত জ্বর, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। বুধবার ২৭ মে রাত সোয়া ৯টার দিকে তিনি মারা যান। মৃতের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে।
একরামুল মুসলিমীন ফাউন্ডেশনের টিম প্রধান এহসানুল হক জাকারিয়া ও সৎকার শাখার প্রধান মঞ্জু দাশ মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গল পৌর রাত দেড়টায় পৌঁছেন। তারা উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে মৃতদেহের গোছল ও শেষকৃত্যানুষ্ঠান পৌর শ্মশানঘাটে সম্পন্ন করেন। এ সময় শ্মশানঘাটে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা বিকাশ দত্তের ছেলে বাপ্পা দত্ত।
এ বিষয়ে একরামুল মুসলিমীন ফাউন্ডেশনের টিম প্রধান এহসানুল হক জাকারিয়া জানান, তারা করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী ২ জন ও করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরনকারী ১ জনের দাফন ও শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন করেছেন। তাদের ওই আনুষ্ঠানিকতা শেষে পিপিই পুড়িয়ে ফেলেন। তাদের কাছে বিভিন্ন মাধ্যমে মোট ২৭টি পিপিই ছিল সেগুলো শেষ হওয়ায় তার পিপিই সংকটে রয়েছেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.