
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার প্রেসক্লাবে ‘জাতীয় স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে মৌলভীবাজার’ গ্রন্থের মোড়ক উন্মোচন হয়েছে।
১৯ মার্চ শনিবার দুপুরে সিনিয়র সাংবাদিক ও লেখক সরওয়ার আহমদের লেখা ওই গ্রন্থের মোড়ক উন্মোচন মৌলভীবাজার প্রেসক্লাবের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার সদর আসনের সংসদ সদস্য নেছার আহমদ। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান।
অ্যাডভোকেট নুরুল ইসলাম শেফুলের সভাপতিত্বে ও কোরাস প্রকাশনীর কর্ণধার কবি মুজাহিদ আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা জজ আদালতের পিপি ও সাংবাদিক রাধাপদ দেব সজল, সিনিয়র সাংবাদিক বকসি ইকবাল আহমদ, সাংবাদিক ও কথা সাহিত্যিক আকমল হোসেন নিপু, সিনিয়র সাংবাদিক ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত প্রমুখ।
বক্তারা বলেন মুক্তিযুদ্ধ নিয়ে কোন গ্রন্থ রচনা করা সাহসের বিষয়। যারা লেখেন তারা খুব ঝুঁকি নিয়েই তা করে থাকেন। লেখক খুব ঝুঁকি নিয়ে কাজটি করেছেন। পরবর্তী প্রজন্মের মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে ‘মুক্তিযুদ্ধে মৌলভীবাজার’ গ্রন্থটি সহায়ক ভূমিকা পালন করবে। ৬০৮ পৃষ্ঠার এই বইয়ে মৌলভীবাজার জেলার স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধে ইতিহাস, মুক্তিযোদ্ধাদের সেই সময়কার নানা ঘটনার বর্ণনা ও তথ্য তোলে ধরা হয়েছে। অনুষ্ঠানে ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.