
কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে ভয়াবহ অগ্নিকান্ড হয়েছে। এতে কুলাউড়াসহ তিন উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়েছে। রোববার ২৭ মার্চ সকাল ৮টায় কুলাউড়া বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোলরুমে এ অগ্নিকান্ড সংঘটিত হয়।
জানা যায়, রোববার সকাল ৮টার দিকে কুলাউড়া বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের কন্ট্রোলরুমে আকস্মিকভাবে অগ্নিকান্ড সংঘটিত হয়। অগ্নিকান্ডে কন্ট্রোলরুমের ব্রেকার সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যাওয়ায় কুলাউড়া, জুড়ী ও বড়লেখাসহ তিন উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ে। খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সুলায়মান আহমদের নেতৃত্বে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ওয়্যারহাউজ ইন্সপেক্টর সুলায়মান আহমদ জানান, বিদ্যুৎ অফিসের কন্ট্রোলরুমে পর্যাপ্ত পরিমাণ অগ্নিনির্বাপণ যন্ত্র ছিল না। অগ্নিকান্ডে প্রায় পাঁচ লক্ষ টাকার যন্ত্রপাতি পুড়ে ছাই হয়ে যায় বলে জানান তিনি।
কুলাউড়া বিদ্যুৎ অফিসের নির্বাহী প্রকৌশলী ওসমান গণি জানান, কন্ট্রোলরুমের মেরামত কাজ শুরু করা হয়েছে। মেরামত কাজ শেষ না হওয়া পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানান তিনি।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.