
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার শহরের চৌমুহনা এলাকায় কাজের উদ্দেশ্যে আসা মাটিকাটার শ্রমিকদের মাঝে বৃহস্পতিবার সকাল ৭টায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে শুকনো খাবার বিতরণ করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। এসময় উপস্থিত ছিলেন রেভিনিউ ডেপুটি কালেক্টর অর্ণব মালাকার, সহকারী কমিশনার সৈয়দ সাফকাত আলী, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ছাদু মিয়া প্রমুখ।
এসময় প্রায় ২০০ জন শ্রমিকের মাঝে ২০০ প্যাকেট খাবার বিতরণ করা হয়। প্রতি শুকনো খাবারের প্যাকেটে ছিল চাল-১০ কেজি, ডাল- ১ কেজি, লবণ- ১ কেজি, চিনি- ১ কেজি, চিড়া- ২ কেজি, সয়াবিন তেল- ২ কেজি, নুডুস- ০.৫ কেজি।
জানা গেছে, শহরের চৌমুহনা এলাকায় নিয়মিত কাজের সন্ধানে ছুটে আসা মাটি কাটার শ্রমিকদের হাট বসে। এরা সবাই মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন এলাকার স্থায়ী বাসিন্দা। প্রতিদিন কয়েকশত শ্রমিক মাটি কাটার কোদাল ও টুকরি নিয়ে কাজের সন্ধানে আসেন। এসময় যাদের কাজের প্রয়োজন সেই সকল ব্যক্তি শ্রমিকদের সাথে দৈনিক মজুরি ৫৫০-৮০০ টাকা ভিত্তিতে নির্ধারণ করে শ্রমিক নেন। দুইবছর আগে ৩৫০-৪০০ টাকা ছিল কাজের মজুরী, এখন ৮০০ টাকা মজুরী পেলেও শ্রমিকদের পুষেনা, কারণ তাদের পরিবারে সদস্য সংখ্যা অনেক বেশি। জিনিসপত্রের দামও বেশি। এরমধ্যে কেউ কাজ পায় আবার কেউ কাজ না পেয়ে হতাশায় বাড়ি ফিরে যায়। অবশেষে তাদের পাশে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছে মৌলভীবাজার জেলা প্রশাসন।
মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান জানান, শহরের চৌমুহনা পয়েন্টে কাজের সন্ধানে বেশ কিছু সংখ্যক শ্রমিক জড়ো হন। কেউ কাজ পায় আবার কেউ পায়না। এটা খুবই মানবিক বিষয়। স্বচক্ষে তাদের বিষয়টি দেখতে পেয়ে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ২শত শ্রমিকদের মাঝে শুকনো খাবার বিতরণ করি। পর্যায়ক্রমে অপেক্ষামান আরও শ্রমিকদের মধ্যে খাবার বিতরণ করা হবে।

সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.