
এইচ ডি রুবেল॥ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কুলাউড়ায় বরের বাড়ির লোকজনের হামলায় কনে পক্ষের নারী পুরুষসহ কমপক্ষে ৮ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার মনছড়া এলাকায়। আহতদের কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অভিযোগে জানা যায়, কুলাউড়া উপজেলার লংলা খাসের আব্দুল মজিদ এর কন্যাকে বুধবার বিয়ে দেন কর্মধা ইউনিয়নের মনছড়া গ্রামের ফুল মিয়ার পুত্র আকুল মিয়ার সাথে। বুধবার বিয়ে বাড়িতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কনের বড়ভাই লোকমান মিয়াসহ হামলায় উভয় পক্ষের ৪ জন আহত হন। আহতদের একজনকে মৌলভীবাজার সদর হাসপাতালে এবং লোকমানসহ বাকিদের কুলাউড়া হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। তবে মারামারির ঘটনার পর তাৎক্ষনিকভাবে এলাকার মুরব্বিরা বিষয়টি শেষ করে দেন এবং বৃহস্পতিবার মেয়ে পক্ষের লোকজন ওয়ালিমা অনুষ্ঠানে অংশগ্রহনের জন্য মনছড়ায় বরের বাড়িতে আসেন। ওয়ালিমা খাওয়া শেষে নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হলে সন্ধ্যা ৭ টার দিকে মনছড়া এলাকার কালিটি চা বাগান এরিয়ায় বর পক্ষ ও কতিপয় সন্ত্রাসী মিলে কনে পক্ষের নারী-পুরুষের উপর অতর্কিত হামলা চালায়। হামলায় কনের ভাই সেলিম (৩৫), সেলিমের স্ত্রী শেফালী বেগম (২৬), ছোট বোন রেহানা (১৪) ও বড় বোন কুলছুমা (৩৫) আহত হলে তাদেরকে এলাকাবাসী উদ্বার করে কুলাউড়া হাসপাতালে ভর্তি করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত কুলাউড়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।
এ ব্যাপারে কনের ভাই লোকমান মিয়া জানান, আমরা ওয়ালিমা খেয়ে আসার পথে আমাদের উপর হামলা চালনা হয় এবং আমাদের নারী পুরুষ মিলে ৮ জন আহত হয়েছেন। আমরা থানায় মামলা করব। এব্যাপারে কুলাউড়া থানার কর্তব্যরত ডিউটি অফিসার জানান, মনছড়ার বর-কনের মারামারির খবরটি খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.