
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলার বিভিন্ন স্থানে ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে চোখ রোগ ওঠা রোগ। এটি একটি ভাইরাস জনিত চোখওঠা রোগ। প্রতিদিন এ রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে।
জেলার ৭ উপজেলার ইতোমধ্যে এই রোগে কয়েক হাজার লোক আক্রান্ত হয়েছেন। চোখের চিকিৎসার অন্যতম প্রতিষ্ঠান বিএনএসবি চক্ষু হাসপাতালসহ জেলা সদর হাসপাতাল, বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কমিউনিটি ক্লিনিক এমনকি বেসরকারি হাসপাতাল ও প্রাইভেট ডাক্তারদের চেম্বারে চিকিৎসা নিতে দিন দিন আক্রান্তদের ভীড় বাড়ছে। পাশাপাশি অনেক প্রত্যন্ত এলাকায় চোখের ড্রপের সংকট দেখা দিয়েছে।
মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতাল সুত্রে জানা যায়, প্রতিদিনই চোখ ওঠা রোগে (কনজাংটিভাইটিস) আক্রান্ত রোগীরা চিকিৎসা নিতে হাসপাতালে ভীড় করছেন। গ্রামগঞ্জে বাড়ছে এই রোগে আক্রান্তের সংখ্যা।
চিকিৎসকরা বলছেন, এ নিয়ে আতঙ্কিত হওয়ার তেমন কিছু নেই। এটি ভাইরাসজনিত রোগ। কালো চশমা পরে ঘরে থাকলে এক সপ্তাহের মধ্যে তা সেরে যায়। চিকিৎসা বিজ্ঞানে এই রোগটিকে কনজাংটিভাইটিস বা চোখের আবরণ কনজাংটিভার প্রদাহ।
মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতাল চিকিৎসকরা বলছেন, কনজাংটিভাইটিসের লক্ষণ হলো চোখের নিচের অংশ লাল হয়ে যাওয়া, চোখে ব্যথা, খচখচ করা বা অস্বস্তি। প্রথমে এক চোখ আক্রান্ত হয়। পরে অন্য চোখে ছড়িয়ে পড়ে। এ রোগে চোখ থেকে পানি পড়তে থাকে। চোখের নিচের অংশ ফুলে লাল হয়ে যায়। চোখ জ্বলে ও চুলকাতে থাকে। আলোয় চোখে অস্বস্তি বাড়ে।
তাদের পরামর্শ চোখ উঠলে রোগীর করোনার উপসর্গ রয়েছে কিনা, তা খেয়াল রাখতে হবে। চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রয়োজনে করোনার পরীক্ষা করাতে হবে।
তারা জানান, কনজাংটিভাইটিস রোগটি আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ থেকে ছড়ায়। রোগীর ব্যবহৃত বস্তু রুমাল, তোয়ালে, বালিশ অন্যরা ব্যবহার করলে এতে আক্রান্ত হয়। এ ছাড়া কনজাংটিভাইটিসের জন্য দায়ী ভাইরাস বাতাসের মাধ্যমেও ছড়ায়।
এ বিষয়ে জানতে চাইলে মৌলভীবাজার জেলার সিভিল সার্জন ডা. চৌধুরী মো: জালাল উদ্দিন মুর্শেদ বলেন, কনজাংটিভাইটিস বা চোখ ওঠা একটি মৌসুমী ভাইরাসজনিত রোগ। গত মাস যাবত এর পাদুর্ভাব দেখা দিয়েছে। আতঙ্কিত হওয়ার কিছু নেই। অনেক ক্ষেত্রে চিকিৎসা ছাড়াই ৭ দিনে এই রোগ ভালো হয়। তবে চোখে বেশী জ্বালাযন্ত্রণা করলে চিকিসকের পরামর্শ নিয়ে ড্রপ ও ওষুধ ব্যবহার করতে হবে।
তিনি আরও বলেন, যেহেতু রোগটি ছোয়াচে তাই করোনায় যে রকম স্বাস্থ্যবিধি ঠিক অনেকটাই ওই রকমই মানতে হয়। তবে ড্রপ ব্যবহারের আগে এর মান ও মেয়াদ সম্পর্কে অবগত থাকতে হবে। সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে যেয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসাসেবা নেওয়ার পরামর্শ দেন তিনি।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.