
স্টাফ রিপোর্টার॥ বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে দেশের উপকূলীয় এলাকার মতো মৌলভীবাজারেও গুড়িগুড়ি বৃষ্টি শুরু হয়েছে। ক্ষতির আশঙ্কা রোপা আমন ধানের।
রোববার সারাদিন আকাশ ছিল মেঘাচ্ছন্ন। মধ্যরাত থেকে মৌলভীবাজারের আকাশ থেকে বৃষ্টি নামে। পানি উন্নয়ন বোডের হাইড্রোলজি বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সত্যেন্দ্র চন্দ্র বৈদ্য বলেন, সিলেট বিভাগে ভোর থেকে গড়ে ১০ মিলিলিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
বৃষ্টিতে মৌলভীবাজার শহরে মানুষের চলাচলও কমেছে। খুব প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হচ্ছেন না। বৃষ্টি উপেক্ষা করে যারা বের হচ্ছে তাদের ভোগান্তি পোহাতে হচ্ছে। বৃষ্টির কারণে অনেককে অলস সময় পার করতেও দেখা গেছে। বৃষ্টিতে বেশি সমস্যায় পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষরা। কাজ না পাওয়ায় তাদেরকে বিপাকে পড়তে হয়েছে।
জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ চাঁদু মিয়া বলেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বৃষ্টিপাত শুরু হলেও মৌলভীবাজারে তেমন ক্ষয়ক্ষতির সম্ভাবনা নেই।
মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শামসুদ্দিন আহমেদ বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে আমন ফসলের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। বিশেষ করে অতিরিক্ত বাতাস হলে ধান নুয়ে পড়ে ফলন ঘাটতি দেখা দিতে পারে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.