
মোঃ আব্দুল কাইয়ুম॥ মৌলভীবাজার জেলায় দুই দিনের পরিবহন ধর্মঘট ঘোষণা করেছে জেলা বাস-মিনিবাস মালিক সমিতি। এসময় বন্ধ থাকবে বাস-মিনিবিাস,পণ্যবাহী যানবাহনসহ সব ধরনের যানবাহন।
বুধবার ১৬ নভেম্বর সন্ধ্যায় এক পত্রের মাধ্যমে এই ঘোষণা দেন মৌলভীবাজার বাস-মিনিবাস মালিক সমিতির চেয়ারম্যান রশিদ উদ্দিন আহমদ।
রশিদ উদ্দিন আহমদ স্বাক্ষরিত পত্রে তিনি উল্লেখ করেন, মৌলভীবাজার জেলার সকল পরিবহন মালিক সমিতি ও সড়ক শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে সি.এন.জি অটোরিক্সা রেজিস্ট্রেশন বন্ধ এবং সি.এন.জি গাড়ীর সামনে গ্রিল লাগানো, ব্যাটারী চালিত টমটমের অবৈধ চলাচল ও ট্রাক, লরী, পিকআপ ক্যাভার্ড ভ্যান গাড়ীতে চাঁদাবাজি ও পুলিশি হয়রানী বন্ধ এবং মৌলভীবাজার জেলায় স্থায়ী ট্রাক স্ট্যান্ড নির্মাণের দাবিতে এই ধর্মঘট ডাকা হয়েছে।
ওই পত্রের মাধ্যমে জানানো হয় আগামী ১৮ নভেম্বর শুক্রবার ভোর ৬টা থেকে পরদিন ১৯ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত এই ধর্মঘট চলবে। ধর্মঘটের কারনে মৌলভীবাজার জেলার সকল সড়কে বাস-মিনিবাস ও পণ্যবাহী গাড়ী চলাচল বন্ধ থাকবে।
ধর্মঘট ঘোষনার সময় সেখানে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার জেলা মিনিবাস মালিক গ্রুপের চেয়ারম্যান আসাদ হোসেন মক্কু, মৌলভীবাজার জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ফজলুর রহমান, ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আজাদুর রহমান অদুদ প্রমুখ।
তবে মৌলভীবাজার জেলা বাস-মিনিবাস মালিক সমিতির চেয়ারম্যান রশিদ উদ্দিন আহমদের দাবি দুই দিনের পরিবহন ধর্মঘটের সাথে ১৯ নভেম্বর সিলেটের সরকারী আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত বিএনপির বিভাগীয় গণসমাবেশের কর্মসূচির কোন সম্পর্ক নেই। আমরা আমাদের দাবী আাদায়ে ধর্মঘট ডেকেছি, দাবী আদায় না হলে ফের কর্মর্সূচি দেয়া হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.