
এস আর অনি চৌধুরী॥ কুলাউড়া উপজেলার স্থানীয় সরকার অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী অমিনুল ইসলাম মৃধার উপর আবারও হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। রোববার ১৮ ডিসেম্বর বিকেলে উপজেলা পরিষদ এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় তিনি মাথায় মারাত্মক আঘাত পান।
উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম মৃধা জানান, রোববার বিকেলে তিনি অফিসের কাজ শেষ করে বাসায় যাচ্ছিলেন। উপজেলা পরিষদ এলাকা থেকে বের হওয়া মাত্রই দুর্বৃত্তরা তার মোটরসাইকেল রোধ করে মাথায় আঘাত করে। এ সময় তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
খবর পেয়ে সন্ধ্যায় হাসপাতালে তাকে দেখতে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুর রহমান খোন্দকার ও থানার ওসি মো. আব্দুছ ছালেক।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. নুসরাত জাহান জানান, প্রকৌশলীর মাথায় ২টি সেলাই দেয়া হয়েছে। তাকে বাসায় বিশ্রামে থাকার জন্য পরামর্শ দেয়া হয়েছে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক জানান, প্রকৌশলীর উপর হামলা চালানো দুর্বৃত্তদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।
এলজিইডির মৌলভীবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আহমেদ আব্দুল্লাহ জানান, উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম মৃধার উপর হামলাকারীদের শনাক্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ সুপারকে বলা হয়েছে। এর আগেও, গত ৭ আগস্ট ওই প্রকৌশলীর উপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় তার ব্যবহৃত সরকারি গাড়িও (মোটরসাইকেল) ভাঙচুর করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.