
স্টাফ রিপোর্টার॥ রাত ১১টায় শুরু হয় রান্নার কাজ। রান্না শেষে একটা সময় চলে খাবার প্যাক করা। তারপর মোটরবাইকে করে মৌলভীবাজার জেলা শহরের বিভিন্ন স্থানে ঘুরে ভোর রাতে সেহেরি নিয়ে অনাহারী-অসহায়দের মুখে দু’মুঠো অন্ন তুলে দিতে মানুষের দুয়ারে “আদর্শ স্পোর্টিং ক্লাব।”
বুধবার ১২ এপ্রিল রাতে এ আয়োজনে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনূর রশীদ চৌধুরী।
আদর্শ স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক ইদ্রিস আহমেদ জানান, শহরের বিভিন্ন স্থানে রাস্তার পাশে থাকা অসহায় মানুষ, মসজিদের এতেক্বাফে থাকা মুসল্লি, নাইট গার্ড, বিধবা মহিলা, হাসপাতালের রোগী ও তাদের সাথে আসা আত্মীয়স্বজনসহ রাতের আঁধারে সেহেরি বিতরণের কার্যক্রম ১৫ রমজান থেকে শুরু হয়ে চলবে ৩০ রমজান পর্যন্ত।
বিগত ৩ বছরের ধারাবাহিকতায় এইবার ৪র্থ বারের মতো এমন মহতি উদ্যোগ। দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতি এতে দিনমজুর, গরীব, অসহায়, শ্রমজীবী নিম্ন আয়ের মানুষ এই সিয়াম সাধনার মাসে অনেক কষ্টে দিনাতিপাত করছেন। তাই সাধ্যমতো এক বেলা খাবার তুলে দিতে পারলে হয়তো কিছুটা কষ্ট লাগব হবে।
এ সময় তিনি সেহেরি বিতরণ আয়োজনে বিভিন্নভাবে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন যারা তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান।
এই টিমে যেসব স্বেচ্ছাসেবকরা কাজ করেন রাজন আহমেদ, আরিফ আহমেদ, পারভেজ আহমেদ, সোহেল আহমেদ সাগর, রাহিম হাসান, জুয়েল আহমেদ, সাইদুল ইসলাম অয়ন, নিঝুম হোসাইন, আরাবি আলম প্রমুখ। উল্লেখ্য, আদর্শ স্পোর্টিং ক্লাব খেলাধূলার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকান্ডে দীর্ঘদিন ধরে বিশেষ ভূমিকা রেখে আসছে।

সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.