
শাহরিয়ার খান সাকিব॥ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মৌলভীবাজার ওপেন স্কাউট গ্রুপের উদ্যোগে সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ ও স্কাউট সদস্যদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১৫ এপ্রিল বিকেলে শহরের শমশেরনগর রোড এলাকায় এসব মানুষের হাতে ঈদ বস্ত্র তুলে দেন পৌর মেয়র ফজলুর রহমান।
মৌলভীবাজার ওপেন স্কাউট গ্রুপের সভাপতি ও আরএসএল বদরুল হোসাইন সাংবাদিকদের বলেন, রহমত, মাগফেরাত ও নাজাতের অপার মহিমায় মহিমান্বিত রমজান মোবারকের শুদ্ধতায় শিক্ষা পাই মানুষকে ভালবাসার। রমজানের শেষে উপহার হয়ে আসে পবিত্র ঈদ যা ধনী-গরীব, উঁচু-নিচু সব শ্রেনীর মানুষের সাথে ভাগাভাগি করাটাই যেন ঈদের শ্রেষ্ঠ উপহার।
আর এই ঈদ সমাজের অসহায় মানুষগুলোর সাথে ভাগাভাগি করার মধ্যে যে আনন্দ থাকে তা কেবল সমাজের অসহায় মানুষের সাথে যে বা যারা ভাগাভাগি করেন তারাই অনুধাবন করতে পারেন।
এই অসহায় মানুষগুলোর একটুকরো হাসি কুঁড়ানোর জন্য বিগত ১৫ দিনেরও বেশি সময় ধরে অক্লান্ত পরিশ্রমের ফলে শেষমেষ আমাদের ঝুলিতে বন্দি হয়েছে প্রায় ৩৫০জন মানুষের ভুবনভরা হাসি। আমরা ফেরি করেছি ভালবাসা এই অসহায় মানুষগুলোর দরজায় দরজায়।
তিনি আরও বলেন, ধন্যবাদ ও কৃতজ্ঞতা ঐ সমস্ত মানুষের প্রতি যারা আমাদের হাসি কুঁড়ানোর ভরসা যুগিয়ছেন টাকা, বুদ্ধি, শ্রম, অনুপ্রেরণা দিয়ে। আপনাদের এই ভালবাসা বিলানো অব্যাহত থাকুক অনন্তকাল। আমরা যেন হই হাজারো মানুষের একটুকরো হাসির উৎস, একটু আনন্দ আর ভালবাসার নাম। ধন্যবাদ ভালবাসায় থাকবেন, ভালবাসায় রাখবেন, ভালবাসার ফেরিওয়ালা হবেন।
তিনি জানান, মৌলভীবাজার ওপেন স্কাউট গ্রুপ এই নিয়ে ৭ম বারের মতো আয়োজন করেছে ঈদ বস্ত্র বিতরণের। ঈদের খুশি ভাগাভাগি করে নেওয়ার প্রয়াসে প্রায় ১০০ শিশুর হাতে ঈদ বস্ত্র তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, এ জেলায় মৌলভীবাজার ওপেন স্কাউট গ্রুপ বিভিন্ন সময় প্রাকৃতিক দূর্যোগে, বন্যার্ত মানুষের পাশে খাদ্য সামগ্রী, পথ শিশুদের মাঝে খাবার ও ঈদে ঈদ বস্ত্র বিতরণসহ নানা কর্মকান্ডে ভূমিকা রেখে আসছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.