
কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ায় পূর্ব শত্রুতার জেরে প্রকাশ্যে সন্ত্রাসী হামলায় আহত হোসাইন মুহাম্মাদ জিলান (২২) নামে এক তরুণকে মৃত্যুর সাথে ৫দিন পাঞ্জা লড়ে চির বিদায় নিল।
শুক্রবার ৭ জুলাই রাতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। জিলান উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের ঘাগটিয়া গ্রামের আব্দুল হামিদের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ৩ জুলাই সন্ধ্যায় জিলান মোটরসাইকেলযোগে তাঁর ছোটভাইকে বাসে তুলে দিতে শহরে যায়।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের দক্ষিণ বাজারস্থ বাসস্ট্যান্ডে জিলান তাঁর ছোটভাইকে নামিয়ে দিয়ে ফেরার পথে আগে থেকে ওঁতপেতে থাকা ৬-৭ জন দুর্বৃত্ত পূর্ব শত্রুতার জের ধরে দেশীয় অস্ত্র নিয়ে জিলানকে ঘিরে ফেলে মারধর শুরু করে।
জিলান প্রাণে বাঁচতে মোটরসাইকেল থেকে নেমে বাসস্ট্যান্ডের সম্মুখে আয়েশা টেলিকম নামক একটি দোকানে গিয়ে ঢুকে। সেখানে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে প্রকাশ্যে কুপিয়ে পালিয়ে যায়।
দ্রুত স্থানীয়রা তাকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে প্রেরণ করেন। সিলেটের একটি হাসপাতালে ৫ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় শুক্রবার রাতে জিলান মারা যায়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জিলানের পিতা আব্দুল হামিদ জানান, ছেলেকে নিয়ে ৫ দিন সিলেটে থাকায় কোনো মামলা করতে পারেননি। কুলাউড়ায় ফিরে সন্ত্রাসীদের বিরুদ্ধে তিনি থানায় অভিযোগ দায়ের করবেন বলে জানান।
কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) রতন চন্দ্র দেবনাথ বলেন, জিলান নামের এক ছেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে বলে জেনেছেন। পরিবারের পক্ষ থেকে মামলা দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.