
মাহফুজ শাকিল॥ প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ-২ প্রকল্পের ৪র্থ পর্যায়ের (২য় ধাপে) কুলাউড়া উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুর রহমান খোন্দকার।
সোমবার ৭ আগস্ট দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, বুধবার ৯ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ভূমিহীন ও গৃহহীনদের জন্য নতুন নির্মিত ৪র্থ পর্যায়ের (২য় ধাপে) জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন।
এদিন কুলাউড়া উপজেলার ৪৮টি পরিবারের জন্য নির্মিত ঘরের চাবি ও জমির দলিল উপকারভোগীদের মাঝে হস্তান্তর করা হবে।
তিনি আরও জানান, বুধবার কুলাউড়া উপজেলা প্রশাসনের কর্মসূচির মধ্যে রয়েছে সকাল সাড়ে ৮টায় উপকারভোগী ও সুধীজনদের নিয়ে উপজেলা পরিষদ সভাকক্ষে নিজস্ব অনুষ্ঠান ও আশ্রয়ণ-২ প্রকল্পের সরবরাহকৃত ভিডিওচিত্র প্রদর্শন এবং সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রচারিত প্রধানমন্ত্রী কর্তৃক জমিসহ গৃহ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে হস্তান্তর কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানের সম্প্রচার প্রদর্শন।
উদ্বোধনী শেষে উপজেলার কর্মধার টাট্টিউলীতে ১৩টি, কাদিপুরের ফরিদপুরে ২৫টি, হাজীপুরের পীরেরবাজারে ৫টি ও শরীফপুরের কালারায়েরচর (নিশ্চিন্তপুর) ৫ টিসহ মোট ৪৮টি পরিবারের মধ্যে জমিসহ গৃহ হস্তান্তর করা হবে।
তিনি সরকারের জনগুরুত্বপূর্ণ মহৎ কাজের প্রচার-প্রচারণা করে সাংবাদিকরা উন্নয়নকাজে অংশীদার হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, সিনিয়র সাংবাদিক এম শাকিল রশীদ চৌধুরী, মো: খালেদ পারভেজ বখশ, উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, সহ-সাংগঠনিক সম্পাদক মহি উদ্দিন রিপন প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.