
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে আদালতে নিষ্পত্তি হওয়া ৩৪টি মামলার বিভিন্ন আলামত ধ্বংস করেছে পুলিশ।
বুধবার ৯ আগস্ট বিকেলে মৌলভীবাজার জজ কোর্ট চত্বরে আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে বিভিন্ন মামলার জব্দ ও উদ্ধারকৃত আলামত ধ্বংস করা হয়।
ধ্বংসকৃত আলামতের মধ্যে মোট ৫৭৬ পিস ইয়াবা, ৪ কেজি ৮৪০ গ্রাম গাঁজা, ১০৩ লিটার চোলাই মদ এবং বিভিন্ন নকল কসমেটিকস দ্রব্যাদি ছিল।
এছাড়া আদালতের আদেশে ৩ লক্ষ ৫৪ হাজার ২০০ টাকা, একটি ওয়েব ক্যামেরা ও ৯ টি শাড়ি প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়।
এর পাশাপাশি আদালতের আদেশে ২ লক্ষ ১৯ হাজার ৫১০ ভারতীয় রূপিসহ ৫ হাজার ৫০০ জাল টাকার নোট বাংলাদেশ ব্যাংক, সিলেট শাখায় জমা দেওয়া হয়।
এছাড়াও ৩ হাজার ৩৯০ ইউএস ডলার ও জুয়া মামলার আলামতসহ মোট ৩ লক্ষ ৫৭ হাজার ৪৭০ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়।
বিজ্ঞ আদালতের আদেশে ১ টি ভারতীয় এয়ারগান, ১ টি ম্যাগাজিনসহ পিস্তল, বিস্ফোরিত বোমার অংশ বিশেষ, ১ টি পিস্তলের ম্যাগাজিন, ৬২ টি বিস্ফোরিত বোমার ধাতব বল, ৩৫০টি গুলির খোসা, টিআর গ্যাসের ৮টি খোসা মৌলভীবাজার পুলিশ লাইন্সের অস্ত্রাগারে জমা দেওয়া হয়।
এ সময় মৌলভীবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট (মালখানা বিভাগ) জগলুল হক, কোর্ট পুলিশ পরিদর্শক মো: ইউনুস মিয়াসহ কোর্ট পুলিশের সদস্যগণ উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.