
স্টাফ রিপোর্টার॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে "কমিউনিটি আই সেন্টার” স্থাপন কার্যক্রমের অংশ হিসেবে মৌলভীবাজারে “ কমিউনিটি আই সেন্টার” এর উদ্বোধন করেন।
সোমবার ১৬ অক্টোবর সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জেলা পরিষদ অডিটোরিয়ামে গণভবন থেকে প্রধানমন্ত্রী ভার্চুয়ালী যুক্ত হয়ে এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপির চিন্তা-চেতনায় দৈন্যতা আছে। তারা সব সময় স্বার্থপরতায় ভোগে। বিএনপি জামায়েত দেশের কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছিল। করোনাভাইরাস সংক্রমণকালে সরকার মানুষকে বিনামূল্যে টিকা দিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘ধনী দেশগুলোও বিনামূল্যে করোনার টিকা দেয়নি, যেটা আমরা করেছি। এতে আমাদের কোটি কোটি টাকা খরচ হয়েছে। তখন আমাদের রিজার্ভও ভালো ছিল।’
প্রধানমন্ত্রী বলেন, ‘করোনাকালে চিকিৎসাসেবা দেওয়ার জন্য প্রত্যেক নার্স-চিকিৎসককে আলাদা করে ভাতা দিতে হয়েছে। তাদের সুরক্ষায় পিপিইসহ বিভিন্ন ধরনের সুরক্ষা সামগ্রী কিনে দিতে হয়েছে। বর্তমানে আমরা ১০ হাজার কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছি। এসব কমিউনিটি ক্লিনিকের প্রথম ৪ হাজার যখন চালু করি, তখন সেগুলো ৭০ ভাগের মতো সাফল্য অর্জন করে। আমরা কমিউনিটি ক্লিনিক করে দিয়েছি, সেগুলোতে দলমত নির্বিশেষে সব ধরনের মানুষ সেবা নিচ্ছে।’
পরে তিনি চতুর্থ পর্যায়ে দেশের ৭টি বিভাগের ২৮টি জেলার ৬৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত ৬৫টি কমিউনিটি আই সেন্টার উদ্বোধন ঘোষনা করেন। উক্ত অনুষ্ঠানের মধ্যদিয়ে মৌলভীবাজার জেলার ৪ টি আই সেন্টার চালু হলো। এগুলো হচ্ছে শ্রীমঙ্গল, কমলগঞ্জ, কুলাউড়া ও বড়লেখা রয়েছে। এ সময় উপকারভোগী ২ জন প্রধানমন্ত্রীর সাথে কথা বলেন।
শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধক্ষ্য আব্দুস শহীদ, সংরক্ষিত নারী আসনের এমপি সৈয়দা জোহরা আলাউদ্দিন, সিলেট বিভাগের কমিশনার আবু আহমদ ছিদ্দিকী, সিলেট রেঞ্জের ডিআইজি শাফিউর রহমান, জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম, জেলা সিভিল সার্জন ডা: চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, পুলিশ সুপার মো: মনজুর রহমান, শ্রীমঙ্গল, উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুনসহ অন্যান্যরা। এখন থেকে আই সেন্টার চালু হওয়ায় মানুষ চোখের সর্বোচ্চ সেবা পাবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.