প্রিন্ট এর তারিখঃ মে ৯, ২০২৬, ৩:১২ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৮, ২০২৩, ২:৩৫ পি.এম
কুলাউড়ার রবিরবাজার সড়কে প্রাণ গেল কলেজ ছাত্র রাফির

স্টাফ রিপোর্টার॥ কুলাউড়া উপজেলায় ট্রাক্টরের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে রেদওয়ানুল ইসলাম রাফি (১৯) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন।
বুধবার ২৭ ডিসেম্বর রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কুলাউড়া-রবিরবাজার সড়কের আমঝুপ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাফি উপজেলার কর্মধা ইউনিয়নের বুধপাশা গ্রামের হারিছ মিয়ার ছেলে। রাফি লংলা আধুনিক ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীর বরাতে পুলিশ জানায়, বুধবার রাত ৮টার দিকে কুলাউড়া থেকে যাত্রী নিয়ে সিএনজিচালিত অটোরিকশাটি রবির বাজারের দিকে যাচ্ছিল। পথে আমঝুপ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে রাফি নিহত হন। এতে অটোচালক জয়নাল মিয়া (৪০), যাত্রী সালাউদ্দিন (৩০) ও ননী দে (৫০) আহত হন।
ঘটনার পর ট্রাক্টর নিয়ে চালক পালিয়ে যান।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান ট্রাক্টর ও চালক আটকের চেষ্টা চলছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.