
স্টাফ রিপোর্টার॥ কুলাউড়া থেকে অবৈধভাবে আনা ২৬ বস্তায় মোট ১১৭৮ কেজি ভারতীয় চিনি উদ্ধার করা হয়েছে। এই সময় আব্দুল জলিল (৩৫) নামে একজনকে আটক করা হয়। আটককৃত জলিল বড়লেখা থানার ইয়াকুব নগর গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ২৭ মার্চ রাতে কুলাউড়া পৌরসভাস্থ দক্ষিন বাজারস্থ হারিছ এন্ড সন্স নামক দোকানের সামনে থেকে ভারতীয় চিনি বোঝাই একটি ট্রাক আটক করা হয়। ট্রাকের ভেতর তল্লাশী করে ৪৮ কেজি ওজনের ২২ বস্তা এবং ৩০ কেজি ওজনের ৪ বস্তা অবৈধ ভাবে ভারত থেকে আনা চিনি জব্দ করা হয়।
অভিযান পরিচালনাকারী এসআই অপু দাশগুপ্ত জানান,'একটি ট্রাকের ভেতর থেকে বিভিন্ন রকমের ২৬ টি প্লাস্টিকের বস্তায় থাকা মোট ১১৭৮ কেজি ভারতীয় চিনি এবং সেই ট্রাক জব্দ করা হয়েছে। এসময় ট্রাক চালকের কাছে চিনিগুলোর কোন বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। আটককৃত ট্রাক চালককে জিজ্ঞাসাবাদে এগুলো ভারতীয় সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে বাংলাদেশে আনা হয়েছে বলে জানা যায়।'
চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য বাংলাদেশে আনার অপরাধে আটককৃত আব্দুল জলিল এবং পলাতক একজনের বিরুদ্ধে কুলাউড়া থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (বি)/২৫ (ডি) থানায় একটি মামলা রুজু করা হয়েছে বলে জানান এসআই অপু দাশগুপ্ত।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.