কুলাউড়া অফিস : কুলাউড়া উপজেলার ক্লিভডন চা বাগান থেকে ১৫ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় নেছার আলী (৬০) নামক এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত নেছার আলী গত ৪-৫ দিন থেকে নিখোঁজ ছিলেন বলে তার পারিবারিক সুত্রে জানা গেছে। জয়চন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কমর উদ্দিন আহমদ কমরু ও ক্লিভডন চা বাগানের সংশ্লিষ্ট সুত্র জানায়, উপজেলার জয়চন্ডী ইউনিয়নের ক্লিভডন চা বাগানের ২১নং সেকশনে চা গাছের নীচে এক বৃদ্ধের লাশ পড়ে থাকতে দেখেন শ্রমিকরা। বিষয়টি চেয়ারম্যানের মাধ্যমে কুলাউড়া থানা পুলিশকে অবহিত করলে অফিসার ইনচার্জ মোহাম্মদ শামসুদ্দোহা পিপিএম এর নেতৃত্বে পুলিশ লাশ উদ্ধার করতে যায়। নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, গত ৪-৫দিন থেকে নেছার মিয়া নিখোঁজ ছিলেন। তিনি জয়চন্ডী ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মৃত মজমিল কারীর ছেলে। কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শামসুদ্দোহা পিপিএম জানান, লাশ উদ্ধার করতে তিনি ঘটনাস্থলে রয়েছেন। নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। তবে কেউ না কেউ তাকে হত্যা করতে পারে। বাগানের নির্জন জায়গায় এভাবে লাশ পড়ে থাকার কথা নয়। বাকিটা তদন্ত সাপেক্ষে বলা যাবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.