
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে প্রায় ৩ লক্ষ টাকার জাল নোট ও ভারতীয় রূপিসহ যুগেন্দ্র মল্লিক নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার ২২ মে দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা প্রেস ব্রিফিং করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২১ মে সন্ধ্যায় শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের রুস্তমপুর এলাকায় অভিযান চালিয়ে যুগেন্দ্র মল্লিককে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যমতে তার গোয়াল ঘরের খড়ের নিচে লুকানো অবস্থায় বিভিন্ন মানের জাল বাংলাদেশী টাকা ও ভারতীয় জাল নোট উদ্ধার করা হয়।
আটককৃত ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে, দীর্ঘদিন ধরে সে জাল টাকার ব্যবসার সাথে যুক্ত রয়েছে। সে দেশের বিভিন্ন স্থান থেকে জাল নোট সংগ্রহ করে সাধারণ মানুষের কাছে বিক্রি করে আসছিল। মূলত আসন্ন কোরবানী ঈদকে কেন্দ্র করে পশুর হাটে ছাড়ার লক্ষ্যে সে জাল টাকাগুলো নিয়ে এসেছিল।
উদ্ধারকৃত বাংলাদেশী ২ লক্ষ ৭৭ হাজার ২ শত জাল টাকা ও ভারতীয় ৩ হাজার ৯ শত জাল রূপি, মোবাইল ফোন ১টি। জাল মুদ্রার মধ্যে ১০০০ টাকার নোট ১৫৫ টি, ৫০০ টাকার ২০০ টি, ২০০ টাকার ১১১ টি এবং ভারতীয় ৫০০ টাকার ০৫ টি, ২০০ টাকার ৭ টি নোট পাওয়া যায়।
উল্লেখ্য, গত বছরের ফেব্রুয়ারি মাসে তাকে প্রায় ৭০ লাখ টাকার জাল বাংলাদেশী নোট এবং ১৪ লাখ টাকার ভারতীয় জাল রূপীসহ গ্রেপ্তার করা হয়েছিল ।
অভিযানে নেতৃত্ব দেন ইন্সপেক্টর মো: মাহবুবুর রহমান মোল্লা ও এসআই এ.এইচ.এম মাহমুদুর রহমান সহ অন্যান্য কর্মকর্তাগণ । এ ঘটনায় তার বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় একটি মামলা হয়েছে।আমরা তার সহযোগী অন্য আসামিদের গ্রেপ্তারে কাজ কাজ করছে পুলিশ।
প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আজমল হোসেন, সহকারী পুলিশ সুপার শাকিল, ডিবির অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান মোল্লা।

সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.