
আব্দুর রব : বড়লেখা পল্লীবিদ্যুৎ সমিতির ১০০ কর্মচারির ৭০ জনই বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের কাজে যোগদানের নির্দেশনা উপেক্ষা করে সোমবার গণছুটির নামে কাজে যোগদান করেনি। এতে গ্রাহকরা চরম ভোগান্তির শিকার হন।
জানা গেছে, বড়লেখা ও জুড়ী উপজেলার প্রায় ৮০ হাজার বিদ্যুৎ গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ সেবা প্রদানের জন্য বড়লেখায় রয়েছে পল্লীবিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেলের কার্যালয়। প্রতিদিন কয়েকশ’ গ্রাহক বিভিন্ন সমস্যা নিয়ে এ কার্যালয়ে ছুটে যান। ভুতুড়ে বিল সংশোধন, নতুন সংযোগ, বিলিং ও লাইনের সমস্যা সমাধানের জন্য অনেকে ২০-৩০ কিলোমিটার দূর থেকেও এ অফিসে আসেন। সোমবার কর্মদিবসে সরেজমিনে গিয়ে দেখা গেছে, ১০০ জন লাইনম্যান ও বিলিং সেকশনের কর্মচারির ৭০ জনই গণছুটির নামে অফিসে ও মাঠে অনুপস্থিত রয়েছেন। এতে গ্রাহকরা মারাত্মক ভোগান্তি পোহান।
পল্লীবিদ্যুৎ সমিতি বড়লেখা আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম মো: খায়রুল বাকী খান বলেন, তার কার্যালয়ে লাইনম্যান, বিলিং সেকশনসহ বিভিন্ন পর্যায়ে ১০০ জনের মতো কর্মচারি রয়েছে। এদের ৭০ জনই কাজে অনুপস্থিত। তবে, কর্মচারিরা অনুপস্থিত থাকলেও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রেখেছেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাজে যোগদানের নির্দেশনা অমান্যকারিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি-না জানতে চাইলে তিনি জানান, সোমবার রাত ৮টায় তাদের পূর্বনির্ধারিত গণছুটির মেয়াদ শেষ হবে। অনুপস্থিত কর্মচারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো নির্দেশনা পাননি।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.