
আব্দুর রব : বড়লেখায় এবার ১৩২টি সার্বজনিন ও ১৩টি ব্যক্তিগত পূজামন্ডপে শারদীয় দূর্গাপুজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ২০টি পূজামন্ডপকে অধিক ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে প্রশাসন এগুলোর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। এছাড়া সীমার্ন্তী ২৪টি পূজামন্ডপে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে বিজিবি। থানা পুলিশ, র্যাব, বিজিবির পাশাপাশি পূজামন্ডপের নিরাপত্তায় মাঠে থাকবে সেনাবাহিনী।
সনাতন ধর্মাবলম্বীদের নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে দূর্গোউৎসব উদযাপনের লক্ষ্যে ২২ সেপ্টেম্বর সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পূজা উদযাপন পরিষদ, ঐক্যফ্রন্ট, পূজামন্ডপ কমিটি, রাজনীতিবিদ, গণমাধ্যকর্মী ও জনপ্রতিনিধিদের নিয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউএনও গালিব চৌধুরী জানান, গুজব ভয়ংকর জিনিস। পালিয়ে থাকা গোষ্ঠী আমাদের হিন্দু-মুসলমানের দীর্ঘদীনের সম্প্রীতিতে বিভেদ সৃষ্টি করতে নানা গুজব ও তৎপরতা চালাতে পারে। এসব থেকে সবাইকে সতর্ক থাকতে হবে।
ইউএনও গালিব চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলামের সঞ্চালনায় উপজেলা পরিষদ সেমিনার কক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ, জামায়াতের নায়েবে আমীর ফয়সল আহমদ, থানার সেকেন্ড অফিসার এসআই রতন কুমার হালদার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক বিধান চন্দ্র দাস, সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার পাল, পূজা উদযাপন ঐক্যফ্রন্টের আহ্বায়ক অ্যাডভোকেট শৈলেশ চন্দ্র রায়, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব, বিজিবি সুবেদার জসিম উদ্দিন, দাসেরবাজার ইউপি চেয়ারম্যান স্বপন কুমার চক্রবর্তী, উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিন, নিজ বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান ময়নুল হক প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.