
কমলগঞ্জ প্রতিনিধি : কমলগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১ নভেম্বর। নির্বাচনকে ঘিরে প্রেসক্লাবে বইছে উৎসবের আমেজ।
শুক্রবার ১৭ অক্টোবর সন্ধ্যায় প্রেসক্লাব হলরুমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সুজন আহমেদ।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ অক্টোবর মনোনয়নপত্র বিক্রি, ২১ অক্টোবর মনোনয়নপত্র দাখিল, ২৩ অক্টোবর যাচাই-বাছাই এবং ২৪ অক্টোবর মনোনয়ন প্রত্যাহার ও প্রতীক বরাদ্দ করা হবে। আগামী ১ নভেম্বর প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
এদিকে দ্বি-বার্ষিক নির্বাচনকে ঘিরে সাংবাদিকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রার্থীরা শুরু করেছেন গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময়।
কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলু বলেন, উৎসবমুখর পরিবেশে কমলগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি চাই, এই নির্বাচন বৃহত্তর সিলেট অঞ্চলের একটি মডেল হোক এবং আমাদের মতো সকল প্রেসক্লাবেও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হোক।
কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সদস্য সচিব আহমেদুজ্জামান আলম বলেন, প্রেসক্লাবের নির্বাচন আমাদের ঐক্যের প্রতীক। আমরা চাই পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার মাধ্যমে সুন্দর একটি নির্বাচন সম্পন্ন হোক।
প্রধান নির্বাচন কমিশনার সুজন আহমেদ বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য সব ধরনের ব্যবস্থা ইতোমধ্যে নেওয়া হয়েছে। আশা করছি সুন্দর ও নিরপেক্ষ একটি নির্বাচন উপহার দিতে পারবো। এতে সকলের সহযোগিতা কামনা করছি।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.