কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়া উপজেলার ১০নং হাজীপুর ইউনিয়নের কাটারকোনা গ্রামের বাসিন্দা বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মিজানুর রহমান রুহিন সমাজসেবায় অগ্রণী ভূমিকা রেখে চলেছেন। জানা গেছে, তিনি সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
মানবসেবার মহান ব্রত নিয়ে মিজানুর রহমান রুহিন ২০১৮ সালে “এভারগ্রিন হাজীপুর” নামে একটি সামাজিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটির মাধ্যমে এলাকার অসহায় ও দরিদ্র মানুষের চিকিৎসা সহায়তা প্রদান, দরিদ্র মেয়েদের বিবাহে আর্থিক সহযোগিতা, বিশুদ্ধ পানির সংকট নিরসনে নলকূপ স্থাপনসহ নানা জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এছাড়াও গৃহহীনদের বসতঘর নির্মাণের জন্য ঢেউটিন বিতরণসহ বিভিন্ন সামাজিক সেবামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে সংগঠনটি। এসব কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে তিনি এলাকার দেশ ও প্রবাসী দানশীল ব্যক্তিদের নিকট থেকে আর্থিক সহযোগিতা সংগ্রহ করে থাকেন।
বর্তমানে “এভারগ্রিন হাজীপুর” সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করছেন মিজানুর রহমান রুহিন এবং সম্পাদকের দায়িত্বে রয়েছেন তরুণ সমাজসেবক সাজ্জাদুর রহমান রাজ।
এলাকাবাসীর মতে, মিজানুর রহমান রুহিনের এই মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.