
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসনে বিশাল ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর বিএনপির মনোনীত প্রার্থী এম নাসের রহমান নির্বাচনী এলাকার সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ভিডিও বার্তায় তিনি বলেন, আসসালামু আলাইকুম/আদাব। মৌলভীবাজার-৩, মৌলভীবাজার-রাজনগরবাসী আমার সকল ভাই ও বোনেরা-হিন্দু, মুসলমান, খ্রিষ্টান, বৌদ্ধ ও চা বাগানের শ্রমিক ভাই-বোনদের সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা আমার ওপর যে আস্থা রেখেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ।
তিনি বিশেষভাবে হিন্দু সম্প্রদায়ের ভোটারদের ধন্যবাদ জানিয়ে বলেন, বিশেষ করে হিন্দু ভাইয়েরা আমাকে এবার বিশেষভাবে মূল্যায়ন করেছেন। তাঁদের প্রতিও আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
সরকার গঠনের পর উন্নয়নের ধারাবাহিকতা পুনরায় চালুর প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, বিগত বিএনপি সরকারের আমলে যে ব্যাপক উন্নয়নের ধারা ছিল, আমরা আবার সেটি চালু করতে সক্ষম হবো। তিনি সবার সহযোগিতা কামনা করেন এবং সম্মিলিত প্রচেষ্টায় মৌলভীবাজার ও রাজনগরকে সমৃদ্ধশালী এলাকায় গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন।
বিজয়ের মুহূর্তে তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া-কে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, “আজকের এই বিজয়ের সময়ে আমাদের দেশনেত্রী, দেশমাতা বেগম খালেদা জিয়াকে স্মরণ করছি। তাঁর অনুপ্রেরণায় আমি দীর্ঘদিন রাজনীতি করে আসছি। আজ তিনি আমাদের মধ্যে নেই। আমি তাঁকে গভীর সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি।
এ সময় তিনি দলের চেয়ারম্যানের প্রতিও কৃতজ্ঞতা জানান এবং বলেন, এ আসনে দলীয় মনোনয়ন দেওয়ার জন্য তিনি কৃতজ্ঞ। পাশাপাশি ‘ধানের শীষ’-এর বিজয় উপহার দিতে পেরে সন্তোষ প্রকাশ করেন।
ভিডিও বার্তার শেষে তিনি সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, আসসালামু আলাইকুম/আদাব-বাংলাদেশ জিন্দাবাদ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.