
এইচ ডি রুবেল : কুলাউড়ায় কুতবুল আউলিয়া শাহ সূফী হযরত মাওলানা মনছব আলী ছাতাপীর (রহ.)-এর ২৫তম ঈসালে সাওয়াব মাহফিল ২৫ মার্চ বুধবার অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সোমবার বাদ আছর গৌড়করণস্থ তাঁর নিজ বাড়িতে এক গুরুত্বপূর্ণ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
মাহফিল পরিচালনা কমিটির সভাপতি আসদ আলীর সভাপতিত্বে আয়োজিত সভায় সর্বসম্মতিক্রমে নির্ধারিত তারিখে মাহফিল আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় মাহফিলের সার্বিক প্রস্তুতি, দাওয়াত কার্যক্রম, অতিথি আপ্যায়ন, নিরাপত্তা ব্যবস্থা ও শৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি মাহফিলকে সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে একাধিক উপকমিটি গঠন এবং দায়িত্ব বণ্টনের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, হযরত ছাতাপীর (রহ.) স্মৃতি পরিষদের সভাপতি মাওলানা আব্দুস শুকুর সরকুমসহ বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবক, মুরব্বি ও যুবসমাজের প্রতিনিধিরা।
মাহফিলে দেশ-বিদেশ থেকে আগত আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতিতে কোরআন তিলাওয়াত, ওয়াজ মাহফিল, মিলাদ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে বলে সভায় জানানো হয়। আয়োজকরা ধর্মপ্রাণ মুসল্লিদের যথাসময়ে উপস্থিত থেকে মাহফিল সফল করার আহবান জানিয়েছেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.