
বড়লেখা প্রতিনিধি : বড়লেখা উপজেলার ৭নং তালিমপুর ইউনিয়নের তালিমপুর ও বাহারপুর গ্রামে একটি খাল অবৈধভাবে দখল ও ভরাটের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, প্রভাবশালী একটি মহল খালটি দখল করে আংশিক ভরাট করায় পানি চলাচল বন্ধ হয়ে গেছে। এর ফলে সামান্য বৃষ্টিতেই এলাকায় তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।
ভুক্তভোগী এলাকাবাসী জানান, খালটি দীর্ঘদিন ধরে আশপাশের পানি নিষ্কাশনের প্রধান মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। কিন্তু সম্প্রতি খালের একাধিক অংশে মাটি ফেলে ভরাট করা হয়েছে। এতে করে পানি স্বাভাবিকভাবে বের হতে না পেরে রাস্তাঘাট, ফসলি জমি ও বসতবাড়িতে ঢুকে পড়ছে। অনেক স্থানে হাঁটুসমান পানি জমে থাকায় শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
তালিমপুর গ্রামের বাসিন্দা সেলিম আহমেদ বলেন, খালটি পরিকল্পিতভাবে ভরাট করা হয়েছে। আগে যেখানে অল্প বৃষ্টিতেই পানি দ্রুত নেমে যেত, এখন কয়েকদিন ধরে পানি জমে থাকে। এতে আমাদের ফসলি জমি ও বসতবাড়ির ব্যাপক ক্ষতি হচ্ছে। আমরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ চাই।
একই গ্রামের আরেক বাসিন্দা কামরান আহমেদ বলেন, খালটি দখলমুক্ত না করলে প্রতি বর্ষায় আমাদের এই দুর্ভোগ পোহাতে হবে। ইতোমধ্যে অনেকের পুকুর ও মাছের ঘের পানিতে ভেসে গেছে। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে আমরা মানববন্ধনসহ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।
বাহারপুর গ্রামের আরেক বাসিন্দা জানান, জলাবদ্ধতার কারণে কাঁচা ও আধাপাকা সড়কের বিভিন্ন অংশ ভেঙে গেছে। দীর্ঘদিন পানি জমে থাকায় বসতবাড়ির দেয়াল ও মেঝেতেও ফাটল দেখা দিয়েছে।
এ বিষয়ে ৭নং তালিমপুর ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, খাল দখল ও ভরাটের অভিযোগ তারা শুনেছেন। বিষয়টি সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দেন তারা।
স্থানীয় সচেতন মহল দ্রুত খালটি পুনঃখনন ও দখলমুক্ত করার দাবি জানিয়েছেন। তাদের মতে, খালটি উদ্ধার না করলে বর্ষা মৌসুমে পুরো এলাকায় স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। এ ঘটনায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.